
লখনউ সুপার জায়ান্টে গেলেন ঋষভ পন্থ
শেষ আপডেট: 24 November 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন। এই নিলাম অনুষ্ঠানে একের পর এক রেকর্ড দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম সেটেই শ্রেয়স আইয়ারের জন্য ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছিল পঞ্জাব কিংস।
কিন্তু, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই রেকর্ড ভেঙে যায়। আর ভাঙলে ঋষভ পন্থ। এই প্রথমবার আইপিএল নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ঋষভ। আর লখনউ সুপার জায়ান্ট তাঁকে ২৭ কোটি টাকার বিনিময়ে দলে তুলে নিল।
লখনউ সুপার জায়ান্ট ইতিমধ্যে তাদের ক্যাপ্টেন কেএল রাহুলকে ছেড়ে দিয়েছে। শোনা যায়, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই রাহুল এই ফ্র্যাঞ্চাইজি ছাড়ার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতিতে লখনউ যে একজন অধিনায়কের খোঁজ করছিল, তা বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে ঋষভকে তারা দলে টানল। ফলে ঋষভের মাথাতেই যে অধিনায়কত্বের মুকুট উঠছে, তা বলা যেতেই পারে।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে অবশ্য ঋষভ খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। কিন্তু, তাঁর বর্তমান ফর্মের দিকে তাকিয়ে অনেকেই আশা করছিলেন যে পন্থের দর অনেকটাই উর্ধ্বমুখী হতে পারে। এমনকী, কয়েকদিন আগে ঋষভ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সমর্থকদের কাছে জানতে চেয়েছিলেন আইপিএল নিলামে তাঁর কত টাকা দর উঠতে পারে? শেষপর্যন্ত এভাবে যে যাবতীয় রেকর্ড তিনি ভেঙে দেবেন, সেটা বোধহয় কেউ ভাবতে পারেননি।