
উসমান খোওয়াজাকে আউট করলেন জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 15 December 2024 05:46
দ্য ওয়াল ব্যুরো : শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। আর দিনের শুরুতেই টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দিলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তিনি উসমান খোওয়াজার উইকেট শিকার করলেন।
১৬.১ ওভারে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন বুমরাহ। বলটা চতুর্থ স্টাম্পে ছিল। খোওয়াজা ডিফেন্ড করতে গেলেও ফুটওয়ার্ক বলতে কিছুই ছিল না। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা ঋষভ পন্থের গ্লাভসে জমা পড়ে। এরপর আম্পায়ারের আর আউট দিতে কোনও অসুবিধা হয়নি। ৫৪ বলে ২১ রান করে ফিরতে হল উসমানকে।
প্রথমদিন বৃষ্টির কারণে মাত্র ১৩.২ ওভারই খেলা সম্ভব হয়েছিল। অস্ট্রেলিয়া টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। দিনের শেষে তারা বিনা উইকেটে ২৮ রান তুলেছিল। প্রথম দিনের ওভারের ঘাটতি পূরণ করতে রবিবার (১৫ ডিসেম্বর) ৯৮ ওভার খেলা হবে। দিনের বাকি সময়টা টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেটাই দেখার।
দ্বিতীয় দিন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বললেই চলে। ইতিমধ্যে আকাশে সূয্যিমামার দেখা পাওয়া গিয়েছে। আকাশে হালকা মেঘের আনাগোনা রয়েছে। শনিবারের তুলনায় দ্বিতীয় দিন যে ওয়েদার আপডেট অনেকটাই ভাল, তা বলা যেতেই পারে। যদিও খেলা চলাকালীন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।