কোভিডের পর প্রথমবার SIP রিটার্নে লোকসান, বাজারে ধসের জেরে চিন্তায় বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে SIP বন্ধ করবেন, নাকি ধৈর্য ধরে থাকবেন, যা বলছেন বিশেষজ্ঞরা।

এসআইপি নিয়ে চিন্তায় বিনিয়োগকারীরা (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 25 March 2026 08:43
দ্য ওয়াল ব্যুরো: বিনিয়োগকারীদের ধৈর্যের বড় পরীক্ষা নিচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP (Systematic Investment Plan বা SIP)। প্রায় ১৮ মাস ধরে দুর্বল বাজার (Weak Market) পরিস্থিতি এবং ইরান সংঘাতের (Iran Conflict) জেরে শেয়ারবাজারে (Equities Sell-off) তীব্র পতনের ফলে স্বল্পমেয়াদি রিটার্ন এখন লাল ঘরে। কোভিড পর্বের (Covid Disruption) পর এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।
নিফটি (Nifty) প্রায় ১৩ শতাংশ পড়েছে, তার থেকেও বেশি ধাক্কা খেয়েছে মিড ও স্মল ক্যাপ (Mid Cap, Small Cap) শেয়ার। ফলে অধিকাংশ ইকুইটি মিউচুয়াল ফান্ডে (Equity Mutual Fund) ১ ও ২ বছরের SIP রিটার্ন (SIP Returns) এখন নেতিবাচক। ৩ বছরের রিটার্নও অনেক ক্ষেত্রে ৫ শতাংশ পেরোতে হিমশিম খাচ্ছে। যেমন লার্জ ও মিড ক্যাপ (Large & Mid Cap)-এ ১ বছরে -১২.৩%, ২ বছরে -৪.১%, ৩ বছরে ৫.২%। স্মল ক্যাপে (Small Cap) ১ বছরে -১৫.৪%, ২ বছরে -৭.৮%, ৩ বছরে ২.৩%।
তবে দীর্ঘমেয়াদে ছবিটা আলাদা। ১০ বছরের SIP রিটার্ন (10-Year Returns) এখনও বেশ ভাল জায়গায় আছে। লার্জ ও মিড ক্যাপে প্রায় ১৫% পর্যন্ত, আর স্মল ক্যাপে ১৭% ছাড়িয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই পতনের পেছনে একাধিক কারণ রয়েছে—ভূরাজনৈতিক ধাক্কা (Geopolitical Shock), সেপ্টেম্বর ২০২৪ থেকে বাজার সংশোধন (Market Correction) এবং স্মল ক্যাপে বড় ধাক্কা। এই প্রসঙ্গে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের (Indian School of Business) অধ্যাপক রামাভদ্রন তিরুমালাই (Prof Ramabhadran Thirumalai) বলেন, 'ইকুইটি বিনিয়োগে সব সময় লাভ হবে—এমনটা ভেবে নেওয়া ভুল। SIP মূলত মাঝারি থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য।'
ফিনডকের (Findoc) ম্যানেজিং ডিরেক্টর হেমন্ত সুদ (Hemant Sood) আরও স্পষ্ট করে বলেন, 'সবচেয়ে বড় ঝুঁকি রিটার্ন কমে যাওয়া নয়, বরং এই সময়ে SIP বন্ধ করে দেওয়া।' কারণ বাজার পড়লে কম দামে বেশি ইউনিট (Units) কেনার সুযোগ তৈরি হয়।
এই পরিস্থিতিতে কী করবেন বিনিয়োগকারীরা?
বিশেষজ্ঞদের পরামর্শ—আতঙ্কে SIP বন্ধ করবেন না, বাজারের গতিপ্রকৃতি বুঝুন, সুযোগ থাকলে ১০% পর্যন্ত অতিরিক্ত বিনিয়োগ (Top-up) করুন। পাশাপাশি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন (Diversification) জরুরি—ইকুইটি (Equity) গ্রোথের জন্য, ডেবট (Debt) স্থিতিশীলতার জন্য, আর হাইব্রিড (Hybrid) ব্যালেন্সের জন্য।
NPV অ্যাসোসিয়েটস (NPV Associates LLP)-এর সিএ ফোরাম নায়ক শেঠ (CA Foram Naik Sheth) মনে করছেন, স্বল্পমেয়াদে ওঠানামা স্বাভাবিক। কিন্তু যারা ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যান, তারাই শেষমেশ লাভবান হন। তাই বার্তা একটাই—ধৈর্য ধরুন, নিয়ম মেনে চলুন, দীর্ঘমেয়াদেই মিলবে সাফল্য।