সরকারি কর্মচারীদের হাজিরা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

শেষ আপডেট: 24 February 2026 14:50
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান (Tarique Rahman)। বিগত সাত দিনে নতুন প্রধানমন্ত্রী যে বিষয়ে সবচেয়ে বেশি বৈঠক করেছেন তা হল ফ্যামিলি কার্ড (Family card) চালু করা। মঙ্গলবারও সচিবালয়ে পদস্থ অফিসার এবং একাধিক মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman, Prime Minister of Bangladesh) ফ্যামিলি কার্ড চালু করা নিয়ে বৈঠক করলেন। মন্ত্রী ও অফিসারদের শপথ গ্রহণের পর প্রথম বৈঠকেই তারেক রহমান জানিয়ে দিয়েছিলেন ফ্যামিলি কার্ড দ্রুততম সময়ে চালু করা তাঁর লক্ষ্য।
এবার নির্বাচনে বিএনপি'র (BNP) সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। প্রতি পরিবার ওই কার্ডের বিনিময়ে নানা ধরনের সরকারি সুযোগ-সুবিধা বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে পাবেন। বাংলাদেশ সরকারের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে 'ডু ইট নাউ' (Do it Now) নীতি নিয়েছেন। খুব শিগগির তিনি প্রকাশ্যে এই ব্যাপারে সরকারের মনোভাব জানিয়ে দেবেন বলেও ওই আধিকারিক জানিয়েছেন। সেখানে স্পষ্ট করে দেবেন জরুরি কাজ তৎক্ষণাৎ শেষ করতে হবে। ফেলে রাখা চলবে না।
বিএনপি'র স্থায়ী কমিটির এক নেতা বলেন, এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষে ঢেলে ভোট দিয়েছে। মানুষ বিএনপি'র প্রতি যে আস্থা প্রদর্শন করেছে তার প্রতিদান দেওয়া এখন দলের কাছে অত্যন্ত জরুরি। এই ধরনের জনসমর্থন ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ। প্রধানমন্ত্রী সেই বিষয়টি বিবেচনায় রেখেই মন্ত্রী ও আধিকারিকদের নির্দেশনা দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশেই মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব এক নির্দেশিকা জারি করে সরকারি কর্মচারীদের সময়ে অফিসে হাজিরার বিষয়ে সতর্ক করেছেন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে আসতে হবে এবং সরকারি কাজ সম্পন্ন করতে হবে দ্রুততার সঙ্গে। ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
সরকারি কর্মচারীদের হাজিরা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীনস্থ দপ্তর/সংস্থাকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হল। মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতিক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।