
বাংলাদেশের ভোটের ইঙ্গিত দিলেন ইউনুস।
শেষ আপডেট: 16 December 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: অশান্ত বাংলাদেশে ২০২৫ সালের শেষ নাগাদ অথবা ২০২৬ সালের গোড়ার দিকে ভোট হতে পারে। সোমবার বাংলাদেশের তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস একথা জানান। বিজয় দিবস উপলক্ষে এদিন এক টিভি ভাষণে ইউনুস বলেন, যদিও এই নির্বাচন ও সময় ঠিক করা নির্ভর করছে রাজনৈতিক মতৈক্যের উপর। এছাড়াও ভোটের আগে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। তবে আগামী বছরের শেষাশেষি অথবা ২০২৬ সালের প্রথম দিকেই ভোট হয়ে যাবে।
ইউনুস তাঁর ভাষণে বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের যদি, আবার বলছি যদি, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে।
তিনি আরও বলেন, আর যদি এর সঙ্গে নির্বাচনপ্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটকথা বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।