দ্য ওয়াল ব্যুরো: এক রবিবারের পর আর এক রবিবার। মাঝে কেটে গেছে ১৪টা দিন। তারপর থেকে প্রতিদিন উৎকণ্ঠার প্রহর গুনছে গোটা দেশ, তথা আটকে পড়া মানুষগুলোর পরিজনরা। কিন্তু আশার শুধু আলোটুকুই দেখা যাচ্ছে, সেই অবধি পৌঁছনো যাচ্ছে না কিছুতেই! ঠিক যে মুহূর্তে মনে হচ্ছে, ভেঙে পড়া সুড়ঙ্গে ১৪ দিন ধরে আটকে থাকা মানুষগুলো এবার একটু বাইরের পৃথিবীর আলো বাতাস দেখবেন, সেই সময়ই নতুন করে বিপত্তি বাঁধছে।
শুক্রবার রাত থেকেই উত্তরকাশীর সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে উদ্ধারের কাজ বন্ধ রাখা হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর মুখে এসেই তারজালিতে আটকে গিয়ে ভেঙে গিয়েছিল মার্কিন অগার মেশিন। এই পরিস্থিতিতে উদ্ধারকাজের পুরো পরিকল্পনাটাই নতুন ভাবে, নতুন পথে করতে হচ্ছে। ঠিক যে মুহূর্তে গোটা দেশ আশায় বুক বেঁধেছিল ইতিবাচক কোনও খবর শোনার জন্য, ঠিক তখনই আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্স জানালেন, উদ্ধারকাজ শেষ হতে হতে বড়দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।
অবশ্য আর্নল্ড একথাও বলেছেন, তার আগেও শেষ হয়ে যেতে পারে উদ্ধার কাজ। কিন্তু সেই সঠিক সময়টা এখন থেকে বলা যাচ্ছে না। দ্রুত উদ্ধারের বদলেএই মুহূর্তে শ্রমিকদের নিরাপদে উদ্ধার করাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাই এই কাজে যে তাড়াহুড়ো করা একেবারেই উচিত হবে না সে কথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করার কাজে বারবার বাধা আসছে। শেষ বাধা এসেছে শুক্রবার বিকেলে। আমেরিকান যন্ত্র অগার মেশিন যা দিয়ে সুড়ঙ্গে খননের কাজ চলছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে। গতকাল রাত থেকেই সেই মেশিন সারানোর কাজ চলছিল। কিন্তু শনিবার বেলার দিকে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্স স্পষ্ট জানিয়ে দেন, ওই মেশিন আর মেরামত করা সম্ভব নয়।
এই মুহূর্তে দু'রকম ভাবে ৪১ জন শ্রমিককে উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। প্রথমটি হল ম্যানুয়াল ড্রিলিং। অর্থাৎ অবশিষ্ট ১০- ১২ মিটার ধ্বংসস্তূপ শাবল, কোদাল, গাইতি দিয়ে খুঁড়ে এগুলো হবে। দ্বিতীয় পদ্ধতিটি হল ভার্টিকাল ড্রিলিং অর্থাৎ উপর থেকে ৮৬ মিটার ড্রিল করে নিচে সুড়ঙ্গের ভিতর নামতে হবে। ম্যানুয়াল ড্রিলিং-এর ক্ষেত্রে শ্রমিকরা এক এক করে টানেলের ভিতরের অংশ খুঁড়তে শুরু করবেন। আর ভার্টিকাল ড্রিল করার জন্য ইতিমধ্যেই হায়দরাবাদ থেকে আনা হয়েছে নতুন মেশিন। উদ্ধারকাজের পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেলে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে কাজ শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।