
শেষ আপডেট: 16 November 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো, লখনউ: পরিচারকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে এক মহিলাকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ। মহিলার অভিযোগ, ২৩ বছরের ওই যুবক বাড়ি ফাঁকা পেয়ে অভিযোগকারিণী মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে গিয়েই নাকি ওই মহিলা যুবকের যৌনাঙ্গ কেটে নেন। তারপরেই ওই মহিলা যুবকের কাটা যৌনাঙ্গ নিয়ে কৌসম্বী জেলার পুলিশের কাছে ধরা দেন।
পুলিশ জানিয়েছে, এক মহিলা একটি রক্ত মাখা চুরি ও এক যুবকের কাটা যৌনাঙ্গ নিয়ে থানায় আসেন। প্রথমে মহিলাকে ওইভাবে দেখে তাঁরা হকচকিয়ে যান। ঘটনার অভিযোগ পেতে তারা ওই মহিলার বাড়িতে যান। সেখানে বিছানায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। যুবকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী সৌদি আরবে থাকেন। এখানে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে থাকেন ওই মহিলা। এই যুবক ছোটবেলা থেকে মহিলার বাড়িতে পরিচারকের কাজ করে। যদিও ওই যুবকের পাল্টা অভিযোগ, সে ওই মহিলার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে। বুধবার ঘটনার দিন, মহিলা তাকে নিজের ঘরে ডেকে পাঠান। সেখানে তাকে অজ্ঞান করে তার গোপনাঙ্গ কেটে নেন।
ইতিমধ্যে আহত ওই যুবকের বাবা পুলিশের কাছে ৩২৬ ও ৩০৮ ধারায় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এরপরেই পুলিশ ওই মহিলাকে আটক করে। মানঝানপুরের ডেপুটি সুপার অভিষেক সিং জানিয়েছেন, স্থানীয় পুলিশের কাছ থেকে তিনি এই ঘটনার খবর পেয়েছেন। পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে। আহত ওই যুবক প্রয়াগরাজের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।