
শেষ আপডেট: 2 April 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আপাতত জেল থেকেই সরকার ও দল পরিচালনা করবেন বলে মঙ্গলবারও আম আদমি পার্টি জানিয়েছে। তাঁর পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে দল।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারও এখনও পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী বিষয়ে মুখ খোলেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো বিজেপির প্রথমসারির নেতারা দুর্নীতির ইস্যুতে বিরোধীধের বধ করার পরিকল্পনা নিয়ে এগোলেও কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে তাঁরা মুখ খোলেননি। ফলে দিল্লি সরকারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এদিকে, মঙ্গলবার জেলবন্দি স্বামীর সঙ্গে কথা বলার পর পরই কেজরিওয়ার পত্নী সুনীতা মুখ্যমন্ত্রীর বাংলোয় আপ বিধায়কদের বৈঠকে ডেকেছেন। এই আচমকা বৈঠকের কারণ সম্পর্কে আপ নেতৃত্ব সরকারিভাবে কিছু না জানালেও দলীয় সূত্রের খবর, সুনীতাতে লোকসভা নির্বাচনে দলের চিফ ক্যাম্পেনার করার সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। এখনও খাতায়কলমে ওই দায়িত্ব রয়েছে কেজরিওয়ালের কাঁধে। তিনি জেলে থাকায় স্বামীর দায়িত্ব সামলাবেন সুনীতা। সেই সিদ্ধান্ত ঘোষণার আগে দলের বিধায়ক ও নেতাদের সঙ্গে কথা বলে নিতে চান কেজরিওয়াল পত্নী।
মোটের উপর ঠিক হয়ে আছে কেজরিওয়াল এখনই পদত্যাগ করবেন না। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় ৪ জুন নির্বাচনের ফল ঘোষনা হয়ে যাওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক করার প্রয়োজন পড়বে না। দিল্লি সরকারের বাজেটও পাশ হয়ে গিয়েছে। ফলে বরাদ্দ অনুযায়ী মন্ত্রীরা সিদ্ধান্ত নিতে পারবেন। তাই নিয়মিত মন্ত্রীদের সঙ্গে বৈঠকেরও প্রয়োজন পড়বে না ভোট চলা পর্যন্ত।
এই ফাঁকে স্ত্রী সুনীতাকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে নিতে চান কেজরিওয়াল। জামিন না পেলে তখন স্ত্রী’কে মুখ্যমন্ত্রী করতে পারেন তিনি। আপের ভাবনা হল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান এবং সুনীতা দিল্লি এবং পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যে ভাড়া করা বিমানে প্রচারে যাবেন। ওই দুই রাজ্য ছাড়াও আপ গুজরাত, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে অনেক আসনে লড়াই করছে।