Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কাশ্মীরে তুষারপাত, বৃষ্টিতে ভিজল দিল্লিও! পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর ভারতে নামছে তাপমাত্রা

শুক্রবার সকালেই একদিকে প্রবল তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকা, অন্যদিকে বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে ভিজল দিল্লি ও এনসিআর–এর একাধিক এলাকা।

কাশ্মীরে তুষারপাত, বৃষ্টিতে ভিজল দিল্লিও! পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর ভারতে নামছে তাপমাত্রা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 January 2026 09:02

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালেই একদিকে প্রবল তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর (snowfall in Kashmir) উপত্যকা, অন্যদিকে বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে ভিজল দিল্লি ও এনসিআর–এর একাধিক এলাকা (Delhi rain in January)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিল্লিতে এই বৃষ্টির জেরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামবে (Temperature fall in delhi)। সকাল ৭টা ৩০ মিনিটে জানানো হয়, অন্তত আরও দু’ঘণ্টা রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি-এনসিআর, পাশাপাশি পঞ্জাব ও হরিয়ানার সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

অন্যদিকে তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দরে উড়ান ওঠানামা ব্যাহত (Srinagar Airport flight cancel) হওয়ায় একাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। যাত্রীদের দেরি ও দীর্ঘ অপেক্ষার সম্ভাবনা নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে বিমান সংস্থাগুলি।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স (X)–এ পোস্ট করে জানায়, প্রতিকূল আবহাওয়ার জেরে বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট স্ট্যাটাস জেনে তবেই রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে কর্তৃপক্ষ। রানওয়েতে জমে থাকা বরফ সরানোর কাজ জোরকদমে চলছে বলেও জানানো হয়েছে।

শ্রীনগরে ইন্ডিগো ও স্পাইসজেটের সতর্কবার্তা

ইন্ডিগো তাদের অ্যাডভাইজরিতে জানিয়েছে, তুষারপাতের কারণে আপাতত শ্রীনগরে টেক-অফ ও ল্যান্ডিং স্থগিত। ফলে যাত্রীদের বিমানেও এবং মাটিতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

এয়ারলাইন্সটি আরও জানায়, অনুমতি মিললেই যাতে দ্রুত উড়ান ছাড়া যায়, সে জন্য আগেভাগেই বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে। আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

স্পাইসজেটও সতর্ক করে জানিয়েছে, শ্রীনগরের সব আগমন-প্রস্থান এবং সংশ্লিষ্ট উড়ানগুলি প্রভাবিত হতে পারে। যাত্রীদের নিয়মিত ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বন্ধ জাতীয় সড়ক, পাহাড়ি রাস্তা

তুষার জমে যাওয়ায় কাশ্মীর উপত্যকার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছে। ফলে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। জম্মু–শ্রীনগর জাতীয় সড়ক (NH44) নব্যুগ টানেলের কাছে বন্ধ রাখা হয়েছে। মুঘল রোড ও সিন্থান রোডও একাধিক জায়গায় অবরুদ্ধ।

আজ এই আবহাওয়ার তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। ২৬ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। গুলমার্গ স্কি রিসর্ট-সহ কুপওয়াড়া, বারামুলা ও শোপিয়ানের উঁচু অংশে নতুন করে তুষারপাত হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

বৃহস্পতিবারই শ্রীনগর-সহ উপত্যকার সমতল এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িক বন্ধ রাখা হয়।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দিল্লিতেও

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার দিল্লির আকাশ মেঘলাই থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার দিল্লিতে গত সাত বছরের উষ্ণতম জানুয়ারির দিন রেকর্ড হয়, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ২৭.১ ডিগ্রি সেলসিয়াসে। তবে শুক্রবারই সেই পারদ নেমে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বায়ুদূষণ: সামান্য উন্নতি, তবু ‘খুব খারাপ’

বৃষ্টির পর বৃহস্পতিবারের তুলনায় বায়ুগুণে সামান্য উন্নতি হলেও দিল্লির AQI এখনও ‘ভেরি পুওর’ বা ‘খুব খারাপ’ স্তরে - ৩০২। নয়ডায় AQI ২৯৩, যা ‘পুওর’ বা ‘খারাপ’ শ্রেণিতে। গুরগাঁওয়েও একই অবস্থা, AQI ২৭২।

এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম (AQWS)–এর পূর্বাভাস বলছে, ২৩ ও ২৪ জানুয়ারি বায়ুগুণ ‘মডারেট’ বা ‘মাঝারি’ থাকতে পারে, ২৫ জানুয়ারি তা ফের ‘পুওর’ স্তরে নামতে পারে।

এদিকে, সামগ্রিক বায়ুগুণের উন্নতির কথা জানিয়ে দিল্লি-এনসিআর জুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)–এর তৃতীয় ধাপ প্রত্যাহার করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের বিধিনিষেধ বহাল থাকবে।

দীর্ঘ শুষ্কতার পর উত্তরাখণ্ডের একাধিক জেলায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

IMD জানিয়েছে, উত্তরকাশী, দেরাদুন, রুদ্রপ্রয়াগ ও চামোলিতে ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। বাগেশ্বর ও পিথোরাগড়েও বৃষ্টি-তুষারের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি হয়েছে।

এই নতুন বৃষ্টি-তুষার শুষ্ক আবহাওয়া থেকে স্বস্তি দেবে এবং পাহাড়ি রাজ্যে দাবানলের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বলেই মনে করা হচ্ছে।


```