
ফাইল ছবি
শেষ আপডেট: 30 October 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো: সাত হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মধ্যপ্রদেশের বান্ধবগড়ে। পাশাপাশি গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তিনজনকে। ইতিমধ্যে তাদের চিকিৎসা শুরু হয়েছে বলে খবর।
যদিও হাতি মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বনকর্মীরা মনে করছেন খাবারে বিষক্রিয়ার কারণেই এমন অঘটন ঘটেছে। মৃত হাতিগুলিকে ময়নাতদন্তের জন্য জব্বলপুরের স্কুল অফ ওয়াইল্ডলাইফ ফরেনসিক অ্যান্ড হেলথে পাঠানো হয়েছে বলে খবর।
মনে করা হচ্ছে কৃষকরা ফসলে কীটনাশক স্প্রে করেছিলেন। তা খাওয়ার পরই এমন কাণ্ড। বন দফতর সূত্রে খবর, প্রথমে দু’টি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেলেও পরে সেই সংখ্যা সাতে গিয়ে দাঁড়িয়েছে। গোটা এলাকায় তল্লাশি জারি রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মঙ্গলবার বিকেলেই বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের একটি এলাকায় দু’টি হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। তখনই তাঁদের মনে সন্দেহ হয়। এরপর আশপাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও পাঁচ হাতি মৃত অবস্থায় উদ্ধার হয়।
গত অগস্টে বান্ধবগড়ে হাতি মৃত্যুর ঘটনায় বড়সড় প্রশ্ন উঠেছিল। তার দু’মাস কাটতে না কাটতেই ফের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৪৩ জন বাঘের মৃত্যু হয় বলে খবর।