সরকারের বার্তা স্পষ্ট—পর্যটক হোন বা স্থানীয় বাসিন্দা, ওড়িশায় আর কোনওভাবেই তামাক ও নিকোটিনের জায়গা নেই। স্বাস্থ্যকর, ক্যানসারমুক্ত ওড়িশা গড়তে সকলের সহযোগিতা চাইছে প্রশাসন।

শেষ আপডেট: 22 January 2026 20:58
দ্য ওয়াল ব্যুরো: পুরী, ভুবনেশ্বর বা কোণারক—এবার ওড়িশায় বেড়াতে গেলে সাবধান। সিগারেট (cigarette), বিড়ি, গুটখা, পানের মশলা থেকে শুরু করে তামাক ও নিকোটিনযুক্ত সব ধরনের পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল ওড়িশা (Odisha tobacco ban) সরকার। রাজ্য জুড়ে উৎপাদন, মজুত, পরিবহণ, বিক্রি ও ব্যবহার—সব ক্ষেত্রেই কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে।
বিশেষ করে পর্যটকদের ভিড়ে ঠাসা পুরী (Puri cigarette ban) শহরে এই নিয়ম মানতে হবে আরও কড়াভাবে। প্রকাশ্যে বা গোপনে—কোনওভাবেই গুটখা, খৈনি, জর্দা, পানের মশলা বা তামাকজাত দ্রব্য ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
কেন এত কড়া সিদ্ধান্ত?
রাজ্য সরকারের দাবি, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ। স্বাস্থ্য দফতরের সমীক্ষায় উঠে এসেছে—ওড়িশায় গুটখা ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জাতীয় গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর সরাসরি প্রভাব পড়ছে মুখ ও ওরাল ক্যানসারের (oral cancer tobacco effect) মতো মারাত্মক রোগে।
ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিঙ্গা জানিয়েছেন, “তামাকজাত দ্রব্য জনস্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকারক। ক্যানসারের ঝুঁকি কমাতে রাজ্যকে তামাকমুক্ত করাই আমাদের লক্ষ্য।”

সুপ্রিম কোর্টের নির্দেশেই কড়াকড়ি
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সর্বাত্মক নিষেধাজ্ঞা (Odisha cigarette ban) কার্যকর করা হয়েছে। আগেও ওড়িশায় তামাকজাত পণ্যের উপর নিষেধ ছিল, তবে নতুন বিজ্ঞপ্তিতে সব রকম ফাঁকফোকর বন্ধ করে এক ছাতার নীচে কঠোর আইন প্রয়োগের কথা বলা হয়েছে।
এই নিষেধাজ্ঞার আওতায় প্যাকেটজাত ও খোলা—দু’ধরনের পণ্যই পড়বে। এমনকি আলাদা আলাদা উপাদান বিক্রি করে পরে মিশিয়ে খাওয়ার মতো ‘চালাকিও’ আর চলবে না।
নজরদারিতে বিশেষ স্কোয়াড
নিয়ম কার্যকর করতে রাজ্য জুড়ে বিশেষ নজরদারি স্কোয়াড নামানো হচ্ছে। আইন ভাঙলে জরিমানা ও কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছে।
সরকারের বার্তা স্পষ্ট—পর্যটক হোন বা স্থানীয় বাসিন্দা, ওড়িশায় আর কোনওভাবেই তামাক ও নিকোটিনের জায়গা নেই। স্বাস্থ্যকর, ক্যানসারমুক্ত ওড়িশা গড়তে সকলের সহযোগিতা চাইছে প্রশাসন।