
প্রিয়ঙ্কা গান্ধী
শেষ আপডেট: 8 February 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ফলাফল কার্যত স্পষ্ট হয়ে গেছে। ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। হ্যাটট্রিক করতে পারছে না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এই দুই দলের হার-জিতের মাঝে কংগ্রেসের অবস্থান এক, শূন্য। এখনও পর্যন্ত তাঁরা কোনও আসনেই এগিয়ে নেই। তবে দিল্লি ভোটের এই ফলাফল প্রসঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী নিজের দল নিয়ে মন্তব্য করলেন না। নিশানা করলেন আপকেই।
শনিবার সকালে ভোটের ফল নিয়ে প্রথমে যখন প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রিয়ঙ্কা তখন বলেছিলেন, তিনি কিছুই জানেন না কী হচ্ছে। তবে এখন বিষয়টি পুরোপুরি স্পষ্ট হতেই ভোটের ফলের দায় সম্পূর্ণ কেজরিওয়ালের দলের ওপর চাপালেন তিনি। কংগ্রেস সাংসদের কথায়, দিল্লির মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। যে সরকার চলছিল তাঁদের কাজে তাঁরা বিরক্ত।
এই মুহূর্তে কেরলের কুন্নরে রয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, 'দিল্লির মানুষ আপকে নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। যা চলছিল তা সহ্য হচ্ছিল না তাঁদের। তাই বদলের জন্যই তাঁরা ভোট দিয়েছেন। যারা জিতেছেন তাঁদেরকে শুভেচ্ছা।' নিজের দলের হতাশাজনক ফল নিয়ে প্রত্যক্ষভাবে কোনও মন্তব্য না করলেন প্রিয়ঙ্কা শুধু বলেন, এই ফল বুঝিয়ে দিল যে তাঁদের আরও ভাল করে কাজ করতে হবে। মানুষের জন্য আরও বেশি করে ভাবতে হবে।
প্রিয়ঙ্কা সরাসরি কোনও মন্তব্য না করলেও তাঁর স্বামী রবার্ট ভাঢরা আক্রমণ করেছেন আপকে। তিনি স্পষ্ট বলেছেন, মানুষ কেজরিওয়ালের দলকে ভোট না দিয়ে কংগ্রেসকে দিয়েছে। তাই কংগ্রেসের ভোট শতাংশ বেড়েছে। একই সঙ্গে তাঁর মত, জোট শরিকদের মধ্যে সখ্যতা রাখাটাই ভীষণ দরকার ছিল কিন্তু কংগ্রেসের সঙ্গে সংঘাতে যায় আপ।
রবার্টের আরও বক্তব্য, দিল্লির মানুষকে কেজরিওয়াল যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারেননি। উল্টে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। প্রিয়ঙ্কার স্বামীর অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল তাঁর নাম ব্যবহার করেছেন লাভ পাওয়ার জন্য। শুধু গান্ধী পরিবারের সঙ্গে যোগ থাকায় কুৎসা রটিয়েছেন তাঁর নামে।
সর্বশেষ খবর অনুযায়ী, ৫০টি আসনে এগিয়ে গিয়েছে মোদীর বিজেপি। অন্যদিকে, গত ২০২০ সালে ৬২ আসনে জেতা কেজরিওয়ালের আম আদমি পার্টি মাত্র ২০টিতে এগিয়ে রয়েছে।