
অরবিন্দ কেজরিওয়াল এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 10 September 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি অনেক দিন ধরেই দাবি করে আসছে, রাজধানীতে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী মাসের পর মাস জেলে থাকায়। রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন করা যায়নি মুখ্যমন্ত্রী কারাগারে থাকায়।
এরই মধ্যে বিজেপির এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রাজধানীতে কেন্দ্রীয় শাসন জারির দাবি জানান। তাৎপর্যপূর্ণ হল, রাষ্ট্রপতির অফিস বিজেপি বিধায়ক দলকে চিঠি দিয়ে মঙ্গলবার জানিয়েছে, তাঁদের দাবিপত্রটি রাষ্ট্রপতি স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন।
এই খবর চাউর হতেই দিল্লির কেজরিওয়াল সরকারকে বরখাস্ত করার জল্পনা শুরু হয়েছে।
মঙ্গলবারই কেজরিওয়ালের জামিনের আর্জির রায় দেওয়ার কথা বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার।
কেজরিওয়াল গত ২১ মার্চ থেকে তিহাড় জেলে বন্দি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যের অনেক ক্ষমতা উপ রাজ্যপালের হাতে তুলে দিয়েছে।