
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 28 April 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কাছে পাকিস্তানে আটক হওয়া ভারতীয় জওয়ান (BSF Soldier) পূর্ণম কুমার সাউ সুস্থ ও নিরাপদ আছেন বলেই দাবি ভারতীয় সেনার। তবে পাঁচদিন পরেও তাঁকে উদ্ধারের বিষয়ে সমাধান সূত্র বের না হওয়ায় বাড়ছে সংশয়।
সূত্রের খবর, ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তিনবার ফ্ল্যাগ মিটিং সেরেছে সীমান্তরক্ষী বাহিনী (BSF)। তবে সমাধান সূত্র বের হওয়ার কোনও খবর জানা যায়নি। এদিকে পূর্ণমকে উদ্ধার করে আনতে সোমবারই পাঠানকোর্টের উদ্দেশে রওনা দিয়েছে তাঁর পরিবার। তাঁদের কথায়, বাহিনীর কর্তারা আশ্বাস ছাড়া এখনও ওর বিষয়ে কোনও খবর দিতে পারেনি।
মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। এরপরই জঙ্গি নিধনে কড়া পদক্ষেপ করে ভারত। সীমান্তে তল্লাশি অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত টপকে যান বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সাউ।
তিনি একটি খামারের কাছে ডিউটি দিচ্ছিলেন। রুটিন ভিজিটের সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। অজান্তে এমন কাজ করে ফেললেও সঙ্গে সঙ্গে তাঁরে ফেলেন পাকিস্তান রেঞ্জার্স অর্থাৎ পাকিস্তান সেনার সদস্যরা। সেনা সূত্রে জানা গেছে, সিং ইউনিফর্মে ছিলেন, হাতে ছিল সার্ভিস রাইফেল। তিনি ছিলেন কয়েকজন কৃষকের সঙ্গে, বিশ্রামের জন্য ছায়া খুঁজতে গিয়ে এই ঘটনা হয়।
সূত্রের খবর, ভুলবশত সেনা জওয়ান বা সাধারণ মানুষের সীমান্ত পেরনোর ঘটনা আগেও হয়েছে। প্রোটোকল অনুযায়ী, পতাকা বৈঠকের পর এমন সমস্যার সমাধান হয়। আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়। তবে, কাশ্মীরের পহেলগামের কাণ্ডের পর পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে ভারত। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ওই জওয়ানের মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
জওয়ানকে ফেরানোর ব্যাপারে সম্প্রতি বিএসএফের ডিজির (DG) সঙ্গে কথা বলেন হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Tmc MP kalyan Banerjee)। ডিজি তাঁকে জানান পূর্ণম সুস্থ রয়েছেন। তাঁকে দেশে ফেরাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।