
শেষ আপডেট: 3 November 2023 19:32
দ্য ওয়াল ব্যুরো: গত মাস খানেকের বেশি সময় ধরেই যেন রাহুল দ্রাবিড়ের মতো ক্রিজে দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজের দাম। কেজি প্রতি ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা। তার পর ৬০ টাকা, ৬৫ টাকা... আর এখন পেঁয়াজের দাম কোনও বাজারে ৭০ টাকা কেজি কোথাও সুযোগ মতো কেজি প্রতি ৮০ টাকাও দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। কলকাতায় অনলাইনে স্পেনসার্স রিটেলে অবশ্য পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
উৎসবের মরশুম শেষ হতে না হতেই এ মাসের শেষে বিয়ের মরশুম আসছে। পাইকারি ব্যবসায়ীদের অনেকে মনে করছেন, পেঁয়াজের সরবরাহ না বাড়লে খুচরো বাজারে পেঁয়াজের দাম ১০০ ছুঁতে পারে। ১৯ নভেম্বর আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। পাইকারি ব্যবসায়ীদের একাংশ মনে করছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের আগেই সেঞ্চুরি হাঁকাতে পারে পেঁয়াজ।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের একটি সূত্রের দাবি, পেঁয়াজের দাম নিয়ে এখনই মাথা গলাতে চাইছে না সরকার। ব্যাপারটা এখনও বাজারের উপরে ছেড়ে রাখতে চাইছে। কৃষি ভবনের এক কর্তার কথায়, পেঁয়াজ নিয়ে এটা প্রতি বছরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রবি মরশুমে যে ফসল ওঠে তা অক্টোবর-নভেম্বর মাসে প্রায় শেষ হয়ে আসে, অথচ তখনও খারিফের ফসল পুরোপুরি বাজারে আসে না। চাহিদার সঙ্গে জোগানোর ফারাক তৈরি হয়। তখনই দাম বেড়ে যায়।
ভারতে পেঁয়াজের সরবরাহের একটা বড় অংশ আসে মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্রের লাসালগাঁও পাইকারি বাজারে পেঁয়াজের দাম তিন চার সপ্তাহ আগে থেকেই উর্ধ্বমুখী। ১৮-১৯ শতাংশ করে দাম বেড়ে থাকছে। তার প্রভাব পড়ছে অন্যত্র।
ভারতের রাজনীতিতে পেঁয়াজ অনেকবারই শাসককে কাঁদিয়ে ছেড়েছে। দিল্লিতে একদা সুষমা স্বরাজ সরকারের পতনের কারণ ছিল পেঁয়াজ। পাঁচ রাজ্যে ভোট আসছে। তার আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সদ্য সিলিন্ডার প্রতি ১০০ টাকা বেড়েছে। এবার পেঁয়াজের দাম বাড়লে বিজেপি চাপে পড়তে পারে।
পেঁয়াজের দামের বিষয়টি রাজনীতিকদের মধ্যে সবচেয়ে ভাল বোঝেন শরদ পাওয়ার। মারাঠা স্ট্রংম্যানের কথায়, আসলে পেঁয়াজের দাম নিয়ে সমস্যা ফিরে ফিরে আসে। কোনও বছর চাষীরা পেঁয়াজের ভাল দাম পান না তাই পরের বছর চাষ কমিয়ে দেন। তাই পরের বছর চাহিদার সঙ্গে জোগানের ফারাক তৈরি হয়। ফলে দাম বেড়ে যায়। তার পরের বছর আবার বেশি চাষ করে, তখন আবার উপযুক্ত দাম পায় না।
ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেও পেঁয়াজের দামে ছ্যাঁকা লাগার মতো অবস্থা। বাংলাদেশে পেঁয়াজের দাম এখন সেখানকার মুদ্রায় কেজি প্রতি ১৪৫ থেকে ১৫০ টাকা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১০ থেকে ১১২ টাকা। ঘটনা হল, বাংলাদেশেও ভোট আসন্ন। তাই পেঁয়াজ রফতানি করে জোগান সামাল দিতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনা সরকার।