প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গতকাল রাতে ফের ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় হাদিবন্ধু সাহু ও শান্তি সাহুর। সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন হিমাংশু। নেশার ঘোরেই হাতুড়ি দিয়ে আঘাত করে নিজের বাবা-মাকে খুন করেন তিনি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 July 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক বিবাদের জেরে নিজের ছেলের হাতে নৃশংসভাবে খুন হলেন বৃদ্ধ দম্পতি। এমনকি খুনের পর বাবা-মা'র রক্তাক্ত দেহের পাশেই ঘুমিয়ে পড়েন অভিযুক্ত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে ওড়িশার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা ছিলেন হাদিবন্ধু সাহু (৮১) এবং শান্তি সাহু (৭২)। তাঁদের ছেলে হিমাংশু সাহু (৫৫) পেশায় একজন অটোচালক। অভিযোগ, প্রায়ই রাতে মদ খেয়ে বাড়ি ফিরতেন তিনি। এরপর নানা কারণে বাবা-মায়ের সঙ্গে অশান্তি বাধত। মঙ্গলবার রাতেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই অনুমান করা হচ্ছে।
বুধবার সকালে বৃদ্ধ দম্পতির দেখা না পেয়ে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে যান। সেখানে গেলেই দেখতে পান মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দু'জন। পাশেই খাটে বসে রয়েছেন হিমাংশু। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। মৃতদেহ দুটি উদ্ধার করে বারিপদার পিআরএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গতকাল রাতে ফের ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় হাদিবন্ধু সাহু ও শান্তি সাহুর। সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন হিমাংশু। নেশার ঘোরেই হাতুড়ি দিয়ে আঘাত করে নিজের বাবা-মাকে খুন করেন তিনি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে হাতুড়িটি দিয়ে খুন করা হয়েছে, সেটি মূলত পাথর ভাঙার কাজে ব্যবহার হয়। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ধৃত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি করেছেন তাঁরা।