
সাধ্বী প্রজ্ঞা
শেষ আপডেট: 25 April 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: ১৭ বছর পুরনো মালেগাঁও বিস্ফোরণ মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞার (Pragya Singh Thakur) ফাঁসির আর্জি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। প্রাক্তন বিজেপি সাংসদ সহ মোট ৭ অভিযুক্তের ফাঁসি চাওয়া হয়েছে। আগামী মাসেই এই মামলার চূড়ান্ত রায় দেবে আদালত।
২০০৮ সালের সেপ্টেম্বর মাস। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের মালেগাঁও। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৬ জন এবং আহত হন ১০০-র বেশি মানুষ। বিস্ফোরণের ঘটনার জন্য মূল দায়ী করা হয় প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা, ও কর্নেল পুরোহিতকে। এরপর একে একে নাম উঠে আসে আরও ৫ জনের। তৎকালীন ইউপিএ সরকার প্রজ্ঞাদের বিরুদ্ধে দেশে 'হিন্দু সন্ত্রাসবাদ' ছড়ানোর অভিযোগ করেছিল।
এনআইএ এই মামলার তদন্তভার নেওয়ার পর প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগ আনা হয়। ইতিমধ্যেই মামলার শুনানি শেষ হয়েছে এবং এই মামলায় সাক্ষী দিয়েছেন ২৯১ জন। মুম্বইয়ের বিশেষ আদালত আগামী ৮ মে এই মামলার রায় ঘোষণা করবে। প্রজ্ঞা এবং পুরোহিত ছাড়াও এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন অজয় রোহিরকর, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পাণ্ডে, সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদী।
তদন্তকারীদের দাবি, ওই বিস্ফোরণের নেপথ্যে ছিল ‘অভিনব ভারত’ নামে একটি উগ্রপন্থী সংগঠন, যার সঙ্গে অভিযুক্তদের সরাসরি যোগাযোগ ছিল। যদিও অভিযুক্তরা শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছেন এবং পুরো মামলাকে একটি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলেই বর্ণনা করেছেন।