
শেষ আপডেট: 11 October 2023 10:42
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রের একাধিক জায়গায় বুধবার সকাল থেকে অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। উগ্র ইসলামিক মতবাদে বিশ্বাসী নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার একাধিক দফতরে হানা দিয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযান শুরুর পর স্থানীয় পুলিশকে তলব করা হয় গোয়েন্দাদের নিরাপত্তা দিতে।
নিষিদ্ধ ঘোষণার পরও পিএফআই নানাভাবে সক্রিয় বলে গোয়েন্দারা খবর পেয়েছেন। কেরলে জন্ম নেওয়া এই সংগঠন গোটা দেশেই নেটওয়ার্ক তৈরি করেছে বলে গোয়েন্দা সূত্রের খবর। যদিও সংগঠনের প্রথমসারির কর্তাদের অনেকেই জেল বন্দি। তারপরও হালে দেশে বেশ কিছু নাশকতার ঘটনায় নিষিদ্ধ এই সংগঠনের যুক্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। ভিন্ন নামে পিএফআই সক্রিয় কিনা তাও খতিয়ে দেখা শুরু হয়েছে। কেরল সরকারের দাবি, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন এবং স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া’র লোকেরাই পিএফআইয়ে সক্রিয়।
বুধবার পুরনো দিল্লির বল্লিমারন এলাকায় মুমতাজ বিল্ডিংয়ে এনআইএ ভোর রাতে হানা দেয়। বাণিজ্যিক ওই ভবনে ছদ্মনামে পিএফআইয়ের দফতর আছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। মুম্বইয়ের বিক্রোলি এলাকায় তদন্তকারীরা হানা দিয়েছেন বাহিদ শেখ নামে এক ব্যক্তির বাসায়। তার বিরুদ্ধে মহারাষ্ট্রে একটি ট্রেনে বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগ আছে।
পিএফআই-কে গত বছর ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করে পাটনায় বিহার শরিফ এলাকায় সংগঠনের অফিসে অভিযানের পর। সেখানে বিহার পুলিশ অভিযান চালিয়ে জানতে পারে দেশে বড় ধরনের অশান্তি তৈরির ষড়যন্ত্র চলছিল। কেন্দ্রের আগেই কেরল ও কর্নাটক সরকার নিষিদ্ধ করে এই সংগঠনকে। যদিও সংগঠনটির দাবি, তাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কার্যকলাপের কোনও সম্পর্ক নেই। দরিদ্র মুসলিমদের কল্যাণে কর্মসূচি বাস্তবায়ন তাদের লক্ষ্য।