শনিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে মণিপুরে (Manipur Violence)। আবার নতুন করে উত্তেজনা ছড়াল সেখানে।

মণিপুরে অশান্তি
শেষ আপডেট: 8 June 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে মণিপুরে (Manipur Violence)। আবার নতুন করে উত্তেজনা ছড়াল সেখানে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে রাজধানী ইম্ফল (Imphal)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি জেলায় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষ্ণুপুর জেলায় জারি হয়েছে কার্ফু। এদিকে, রোববার সকাল থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ইম্ফলের রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে মেইতেই বিক্ষোভকারীরা। হাতে পেট্রল ভর্তি বোতল। হুমকি স্লোগান দিতে দিতে পেট্রোল গায়ে-মাথায় ঢালছেন এবং বলছেন, 'ধৃত নেতাদের না ছাড়লে গায়ে আগুন দেব।' যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
গত ৩ মে, ২০২৩ থেকে উত্তপ্ত মণিপুর। মেইতেই এবং কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেকে। গত দু'বছরে ২৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০,০০০ জন ঘর ছাড়া। এমন পরিস্তিতিতেই বীরেন সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। সেখানে নতুন করে সরকার গড়তে উদ্যোগী হয়েছে বিজেপিও।
এরই মধ্যে মেইতেই গোষ্ঠীর নেতা আরামবাই টেংগোলের গ্রেফতারিকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর। শনিবার বিকেল থেকেই রাস্তায় নেমে বেশ কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। ইম্ফলের কোয়াকেইথেল পুলিশ পোস্টে হামলা চালানোর অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এর মধ্যেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।