
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 21 December 2024 20:39
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন গেমের নেশায় বুঁদ ছিলেন। ২৬ বছরের তরুণ সে নেশার বসে ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য রাখা ৩০ হাজার টাকা খরচা করে ফেলেন। লজ্জায়, ভয় পরে আত্মঘাতী হন। ঘটনাটি চেন্নাইয়ের কোত্তুপুরম এলাকার।
শনিবার সকালে, দেহ উদ্ধার হয় আকাশ নামের ওই তরুণের। খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করতেন বলে জানা গিয়েছে। চেন্নাইয়ের কোত্তুপুরমে তাঁর বাড়ির ছাদ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।
তারপর জানা যায়, তাঁদের বাবা কিছুদিন আগেই মারা গিয়েছেন। তারপর থেকে তিনি দাদা ও মায়ের সঙ্গে চেন্নাইয়ের ওই বাড়িতে থাকতেন। নিজে খাবার ডেলিভারির কাজ করতেন। তাঁর মা ক্যানসার আক্রান্ত। চিকিৎসা চলছে। ৩০ হাজার টাকা সরানো ছিল ওই চিকিৎসার জন্যই। কিন্তু ওই টাকা আকাশ খরচা করে ফেলেন।
টাকা খুঁজে না পেয়ে আকাশকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান ওই টাকা অনলাইন গেমে খরচা করেছেন। তারপরই তাঁর মা বকাঝকা দিলে তিনি শুক্রবার সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান। শনিবার দেহ পাওয়া যায়। উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ।
জানা যায়, কোভিডের সময় থেকে তিনি অনলাইন গেম খেলা শুরু করেছিলেন। যা ইনকাম করতেন তার অর্ধেক টাকাও এই গেমের পেছনেই খরচা করে ফেলতেন। গেম নেশায় পরিণত হয়েছিল। জানতে পেরে বাড়িতে বকাঝকা খেলেও শোধরাননি। যার ফল হল ভয়াবহ।
শুধু আকাশ নয়, আকাশের মত তামিলনাড়ুর প্রায় ৪৮ জন শেষ কয়েক বছরে মারা গিয়েছে অনলাইন বেটিং অ্যাপ, লোন ফ্রডের চক্করে। তামিলনাড়ু অনলাইন গেমিং অথরিটি, এসব আর্থিক প্রতারণার বিরুদ্ধে পদক্ষেপ করার কথাও জানিয়েছে এবং এই অনলাইন প্রতারণা গেমগুলির বাড়বাড়ন্ত যাতে রাজ্যে না হয়, সে বিষয়ে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।