
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 November 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: ২৪ নভেম্বর বেঙ্গালুরুতে ভ্লগার প্রেমিকাকে কুপিয়ে খুন করে যুবক। তারপর তাঁর সঙ্গে ৪৮ ঘণ্টা থাকে। পরে পালিয়ে যায়। ঘটনা সামনে আসার পর থেকেই হন্যে হয়ে পুলিশ খুঁজছিল ওই যুবককে। গ্রেফতার করা হল শুক্রবার। জানা গিয়েছে, কর্নাটকের বাইরে কোথাও গা ঠাকা দিয়েছিল সে, সেখান থেকেই পুলিশ ধরে ফেলে তাকে।
গত মঙ্গলবার ইন্দিরা নগরের একটি হোটেল থেকে অসমের বাসিন্দা মায়া গগৈ নামে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের তিনদিন আগে প্রেমিকের সঙ্গে হাসি মুখে একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে ঢুকেছিলেন তিনি। দু'দিন একসঙ্গে ছিলেন। কিন্তু ৭২ ঘণ্টা হয়ে গেলেও তাঁর খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে। পরে ২৩ থেকে ২৬ নভেম্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার কিনারা করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রেমিকের নাম আরব হ্যানয়। তদন্তে জানা যায়, মায়ার বুকে ছুরি মারে অভিযুক্ত প্রেমিক। এরপর তরুণীর মৃতদেহের সঙ্গেই ৪৮ ঘণ্টা একই ঘরে থাকে সে। পরে মঙ্গলবার সুযোগ বুঝে সেখান থেকে চম্পট দেয়।
তদন্তকারীরা জানান, তরুণী বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে চাকরি করতেন। বোনের সঙ্গে ওই শহরেই থাকতেন। ঘটনার আগে শুক্রবার তরুণী বোনকে জানান, অফিসের পার্টির জন্য রাতে বাড়ি ফিরবেন না। তারপর শনিবার জানান, অনেক রাত পর্যন্ত পার্টি করার ফলে ক্লান্ত তিনি, সেদিনও ফিরবেন না।
তরুণীর বোনের থেকে পুলিশ জানতে পারে, আরব ও মায়া শেষ ছয় মাস ধরে সম্পর্কে ছিলেন। এরপর অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। তদন্তকারীরা বিশেষ দুটি দল গঠন করেন। খুনের পর সেখান থেকে পালিয়ে না গিয়ে কেন এতক্ষণ সেখানে বসে রইল? কী সমস্যা ছিল তাদের? তাহলে কী প্রেমিকার শরীর টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টায় ছিল সে? এমনই অনেক প্রশ্ন এখন ঘুরপাক খেতে শুরু করে।
ঠিক কোথা থেকে আরবকে গ্রেফতার করা হয়, তা জানায়নি পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গেছে।