.jpeg)
সব জল্পনায় জল ঢেলে সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে গেলেন শিন্ডে
শেষ আপডেট: 29 November 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মহাজোটে মহাঘোঁট। মুখ্যমন্ত্রী পদ নিয়ে শাহি-বিচারে খুশি হননি একনাথ শিন্ডে। তাই আচমকা মহায়ুতি জোটের বৈঠক ভেস্তে দিয়ে গোঁসা করে রওনা দিলেন সাতারার গ্রামের বাড়িতে। দিল্লিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত অমিত শাহের সঙ্গে একনাথ শিন্ডে, বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের আলোচনার পর ঠিক হয়েছিল শুক্রবার মুম্বইতে শাসক জোটের গুরুত্বপূর্ণ বৈঠক বসবে। এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কিন্তু, তার আগেই সব জল্পনায় জল ঢেলে সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে গেলেন শিন্ডে বলে সূত্রে জানা গিয়েছে।
আপাতত যেটুকু জানা গিয়েছে, শিন্ডে গোঁসা করে চলে যাওয়ায় এখন আর সেই বৈঠক হতে পারছে না। তিনি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্ভবত রবিবার এই বৈঠক হতে পারে। মহারাষ্ট্রের বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে, শিন্ডে উপমুখ্যমন্ত্রীর পদ নিতে নারাজ। বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রস্তাব তাঁর নাপসন্দ হয়েছে।
যদিও অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শিন্ডে বলেছিলেন, ভালো এবং ইতিবাচক আলোচনা হয়েছে। তখনই তিনি জানান, মুম্বই ফিরে গিয়ে শুক্রবার মহায়ুতি জোটের একটি বর্ধিত বৈঠক হবে। সেখানেই মুখ্যমন্ত্রী মুখ নির্বাচন করা হবে। সেই মতো এদিনই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। কিন্তু হঠাৎ করেই একনাথ শিন্ডে সবকিছু ফেলে দেশের বাড়িতে রওনা দেওয়ায় ভোটের ফলপ্রকাশের প্রায় এক সপ্তাহেও সরকার গঠনের জমি তৈরি হল না।