
দুর্ঘটনাগ্রস্ত পোর্শে গাড়ি।
শেষ আপডেট: 20 May 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: বিলাসবহুল-বহু মূল্যের পোর্শে গাড়ির নাবালক চালকের ধাক্কায় দুজনের মৃত্যুর ঘটনায় অভিনব 'উচিত শিক্ষা' দিল পুনের জুভেনাইল জাস্টিস বোর্ড (জেজেবি)। ওই নাবালককে ১৫ দিন ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে শিশু অপরাধ সংক্রান্ত আদালত। তার চেয়েও অভিনব বিষয় হচ্ছে, ওই নাবালককে মোটরবাইক আরোহী দুই ব্যক্তিকে ধাক্কা মেরে প্রাণ কেড়ে নেওয়ার ঘটনার উপর একটি 'রচনা' লিখতে নির্দেশ দিয়েছে জেজেবি। যদিও ওই নাবালককে জামিন দেওয়া হয়েছে।
পুনের কল্যাণীনগরে রবিবার মাঝরাতে একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি পোর্শে গাড়ি। পুলিশ জানিয়েছে, ১৭ বছরের এক নাবালক গাড়িটি চালাচ্ছিল। তাই আইন ভাঙার কারণে তাকে গ্রেফতার করে জুভেনাইল আদালতে চালান করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক শহরের এক রিয়েল এস্টেট ডেভেলপারের ছেলে। পোর্শে গাড়িটির কোনও রেজিস্ট্রেশন নম্বরও ছিল না। তাই তার বাবার বিরুদ্ধেও একটি মামলা করেছে পুলিশ। নাবালক ছেলেটি গাড়ি চালানোর আগে একটি পানশালা থেকে মদ্যপান করেছিল। সেই পানশালার বিরুদ্ধে পৃথক আর একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ।
নাবালককে আটক করে রবিবার সন্ধ্যায় জেজেবিতে হাজির করানো হয়। সেখানে পুলিশ তার সঙ্গে প্রাপ্তবয়স্কের অনুরূপ বিচার করার আর্জি জানালেও আদালত তা নামঞ্জুর করে দেয়। তাকে বিভিন্ন শর্তে জামিন দেয় জুভেনাইল আদালত।
নাবালকের পক্ষে আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, জামিনের শর্ত হিসেবে আদালত বলেছে, তাঁর মক্কেলকে ইয়েরাওয়াড়া ট্রাফিক পুলিশের অধীনে ১৫ দিন কাজ করতে হবে। এবং দুর্ঘটনার বিবরণ জানিয়ে একটি 'রচনা' লিখতে হবে। এছাড়াও মদ্যপানের অভ্যাস ত্যাগে কোনও ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এছাড়াও মনোস্তত্ত্ববিদের সঙ্গে কাউন্সেলিং করে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেজেবি।
পুলিশ জানিয়েছে, পোর্শে গাড়ির ধাক্কায় অনীশ অবধিয়া (২৪) এবং অশ্বিনী কোস্টা (২৪) নামে দুই যুবকের মৃত্যু হয়। দুজনেই মধ্যপ্রদেশের বাসিন্দা এবং পেশায় ইঞ্জিনিয়ার। দুজনেই কল্যাণীনগর এলাকার একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করতেন।