জলন্ধরে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সব্জিওয়ালার আগুন লাগানোর অভিযোগ। পুড়ে গুরুতর আহত মা ও দুই শিশু। তদন্তে পুলিশ।

ফাইল চিত্র
শেষ আপডেট: 3 August 2025 07:58
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ‘শাস্তি’ পেলেন মা ও তাঁর দুই সন্তান! পাঞ্জাবের জলন্ধরে এক সব্জি বিক্রেতা আগুন লাগিয়ে দিলেন ওই মহিলার ভাড়া বাড়িতে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুখিন্দর কৌর নামে এক মহিলা এবং তাঁর দুই সন্তান।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে একতা নগর, রামা মণ্ডি ফেজ-২ এলাকায় ওই ভয়াবহ ঘটনাটি ঘটে। অভিযোগ, স্থানীয় সব্জি বিক্রেতা দীর্ঘদিন ধরেই মহিলাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় এবং মাঝেমধ্যে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে।
পরিবারের দাবি, একদিন তুমুল বচসার পর মহিলা ওই বিক্রেতাকে চড় মারেন। তাতেই আরও রেগে গিয়ে কয়েক ঘণ্টা পরে ফিরে আসে অভিযুক্ত। সঙ্গে ছিল পেট্রোল ভর্তি বোতল। অভিযোগ, বাড়ির বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে ঢুকে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় সে।
অগ্নিদগ্ধ অবস্থায় সুখবিন্দর এবং তাঁর সন্তানদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সঙ্কটজনক অবস্থায় সুখবিন্দরকে অন্য একটি হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়।
স্থানীয় সাব-ইনস্পেক্টর অজমের লাল জানিয়েছেন, হাসপাতাল থেকেই তাঁরা ফোনে খবর পান। পুরো বিষয়টি রামা মণ্ডি থানার আওতায় পড়ায় সেখানকার পুলিশ তদন্তে নেমেছে।
রামা মণ্ডি থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্রই গোটা ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।