বিমান চলাচলের পথ বদলে যাওয়া, ভাড়া বেড়ে যাওয়া এবং পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিকে ঘিরে উদ্বেগ - এই সব মিলিয়ে বহু পরিবার নতুন করে ভ্রমণ পরিকল্পনা ভাবতে বাধ্য হচ্ছে।

ছবি - এআই
শেষ আপডেট: 12 March 2026 17:02
দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েলের সংঘাত (Iran Israel Conflict) এখন আর সীমিত উত্তেজনার পর্যায়ে নেই। প্রায় সপ্তাহখানেক হয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়া তো দূর, ক্রমশ জটিল হচ্ছে। যুদ্ধের ময়দান ভারতের থেকে বহু দূরে হলেও তার প্রভাব ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতীয় পর্যটন (Indian Tourism) শিল্পেও পড়তে শুরু করেছে। বিশেষ করে গরমের ছুটিতে বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা (Forgien Tour For Indians) করা বহু পরিবারের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।
বিমান চলাচলের পথ বদলে যাওয়া, ভাড়া বেড়ে যাওয়া এবং পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিকে ঘিরে উদ্বেগ - এই সব মিলিয়ে বহু পরিবার নতুন করে ভ্রমণ পরিকল্পনা ভাবতে বাধ্য হচ্ছে। প্রতি বছর স্কুলের গরমের ছুটিতে অনেক ভারতীয় পরিবার বিদেশে বেড়াতে যান। কিন্তু চলতি সংঘাত সেই পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিমান পরিষেবা চালু থাকলেও টিকিটের দাম ইতিমধ্যেই বেড়েছে। ফলে অনেকেই এখন আগেভাগে বুকিং করা বা প্রয়োজন হলে বাতিল করা যায় - এমন সুবিধাযুক্ত টিকিট কিনতে আগ্রহী হচ্ছেন।
ঠিক কী সমস্যা
ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সংঘাত সরাসরি ভারতীয় ভ্রমণে প্রভাব ফেলে মূলত আন্তর্জাতিক বিমানপথের কারণে। বিশ্বের ব্যস্ততম আকাশপথগুলির কয়েকটি এই অঞ্চলের উপর দিয়েই যায়। ইউরোপ বা অন্য কোনও দেশ যাওয়ার ক্ষেত্রে ভারত থেকে রওনা দেওয়া বহু বিমান পশ্চিম এশিয়ার আকাশসীমা ব্যবহার করে। ফলে কোনও অঞ্চলে উত্তেজনা বাড়লে সেই পথ এড়িয়ে যেতে হয় বিমান সংস্থাগুলিকে। এতে যাত্রাপথ দীর্ঘ হয় এবং জ্বালানির খরচও বেড়ে যায়। সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত ভাড়ার উপরেই প্রভাব ফেলে।
ইস্যু যখন জ্বালানি
জ্বালানির দাম বাড়ার সম্ভাবনাও ভ্রমণ ব্যয়ের উপর চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি পশ্চিম এশিয়ার বড় বড় সংযোগ বিমানবন্দরগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুবাই, দোহা বা আবু ধাবির মতো শহর বহু আন্তর্জাতিক উড়ানের প্রধান সংযোগ কেন্দ্র। ভারত থেকে ইউরোপ, উত্তর আমেরিকা বা আফ্রিকার অনেক গন্তব্যে সরাসরি উড়ান না থাকায় যাত্রীদের সাধারণত এই শহরগুলির কোনও একটিতে নামতে হয় এবং সেখান থেকে অন্য বিমানে চড়ে গন্তব্যে পৌঁছতে হয়।
বিকল্প পথ
এই পরিস্থিতিতে অনেক ভ্রমণপ্রেমী বিকল্প গন্তব্য নিয়েও ভাবছেন। পশ্চিম এশিয়ার সংঘাত ভৌগোলিক ভাবে দূরের ঘটনা হলেও আন্তর্জাতিক বিমান যোগাযোগের উপর তার প্রভাব দ্রুত পড়ছে। ফলে চলতি গরমের ছুটিতে বিদেশ সফর কিছুটা বেশি ব্যয়বহুল এবং জটিল হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে অনেকের মতে, পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনলেই সমস্যার সমাধান সম্ভব - আগেভাগে বুকিং করা, অন্য পথ বেছে নেওয়া বা কাছাকাছি গন্তব্যে ভ্রমণের মতো বিকল্পও বিবেচনা করছেন অনেক ভারতীয় পর্যটক।