
শেষ আপডেট: 31 December 2023 14:46
দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষ দিনেও বাড়ল করোনা আতঙ্ক। রবিবারের আক্রান্তের সংখ্যা ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য মন্ত্রকের ৩১ ডিসেম্বরের বুলেটিন অনুযায়ী, একদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৪১ জন। যা গত সাড়ে ৭ সাত মাসের মধ্যে সর্বাধিক।
করোনা আতঙ্কের মধ্যেই শহরে চলছে বর্ষবরণ। শনিবার রাতে আরও দুজন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। গতকাল রাতে দক্ষিণ কলকাতার হালতুর এক বাসিন্দাকে ভর্তি করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একইসঙ্গে শনিবার রাতে বারাসাত থেকে ৫৭ বছরের এক ব্যক্তিকেও বেলেঘাটা আইডিতে রেফার করা হয়। এই মুহূর্তে বেলেঘাটা আইডিতে ৫ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন করোনা আক্রান্তের মৃত্যুর খবরও মিলেছে। চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১। ইতিমধ্যেই দেশজুড়ে ১৬০ জনের বেশি রোগীর দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। শুধু ডিসেম্বর মাসেই এই সংখ্যাটা ১৪৩। সব মিলিয়ে কোভিড আক্রান্তের ঊর্ধ্বমুখী গ্রাফ যে সকলের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে তা বলাই বাহুল্য।
এদিকে দেশে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কেরালা, কর্নাটক এবং বিহারে একজন করে করোনার রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার ৩৬১ জনের। আপাতত দেশের হাসপাতালগুলিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ৩০৯ জন।
আতঙ্কের মাঝেও স্বস্তির খবর শুনিয়েছেন চিকিৎসকরা। এপ্রসঙ্গে আগ্রার সরোজিনী নাইড়ু মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. অঙ্কুর গোয়াল বলেন, 'জেএন১ প্রজাতির করোনাভাইরাস ওমিক্রনেরই সাব ভ্যারিয়ান্ট। এটি দ্রুতহারে সংক্রমণ ছড়ালেও হাসপাতালে ভর্তির প্রয়োজন প্রায় নেই বললেই চলে। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।'
এদিকে বর্ষবরণের রাতে বার, পাব থেকে বিনোদন পার্ক সবেতেই উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে নতুন করে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন হওয়ার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা।