
শেষ আপডেট: 4 November 2023 17:08
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। দুশো আসনের মধ্যে শনিবার মাত্র ৩৩ জনের নাম প্রকাশ করেছে দল। তবে লক্ষণীয় হল পয়লা তালিকাতেই রাজ্য কংগ্রেসের চার মহারথীর নাম রয়েছে। তাঁরা হলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট, বিধানসভার স্পিকার সিপি যোশী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারা।
বিজেপি এখনও দলের দু’বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নাম ঘোষণা করেনি। মধ্যপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম বিজেপি ঘোষণা করেছে চতুর্থবারের তালিকায়। ছত্তীসগড়েও দল তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংকে এখনও টিকিট দেয়নি। সেখানে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে কংগ্রেস। মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ের পর হাত শিবির রাজস্থানেও প্রবীণ এবং গুরুত্বপূর্ণ নেতাদের নাম পয়লা তালিকাতেই জানিয়ে দিয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, গোষ্ঠীদ্বন্দ্বকে যথাসম্ভব চাপা দিতেই এই কৌশল নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর নীতি হল, প্রবীণ ও নবীন দুই শিবিরের নেতাদের মর্যাদা দেওয়া।
রাজস্থানে মুখ্যমন্ত্রী গেহলট এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট লড়াই করবেন যথাক্রমে তাঁদের পুরনো কেন্দ্র সর্দারপুরা এবং টং আসন থেকে। রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসেরা এবং স্পিকার যোশীও লড়বেন পুরনো কেন্দ্র যথাক্রমে লক্ষ্মণগড় এবং নাথদোয়ারা আসনে। প্রথম তালিকায় স্থান হয়েছে পাঁচ বর্তমান মন্ত্রীর। তবে বেশ কয়েকজন বর্তমান বিধায়কের নাম বাদ গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ৩৩ প্রার্থীর মধ্যে নয়জন মহিলা।
গেহলট এবং পাইলট দু’জনকেই দল বর্তমান কেন্দ্রে টিকিট দিলেও সরকারিভাবে কাউকেই মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে দল তুলে ধরবে না। বর্তমান মুখ্যমন্ত্রী গেহলট প্রার্থী হওয়ায় সাধারণভাবে ধরে নেওয়া যায় তিনিই মুখ্যমন্ত্রী প্রার্থী। গেহলট নিজেই সেই দাবি করে আসছেন। কিন্তু নবীন নেতা শচীনের প্রত্যাশাকে খাটো করে দেখছে না দল। গুজ্জর সম্প্রদায়ের ১৮ শতাংশ ভোটের ব্যাপারে ওই সম্প্রদায়ের নেতা শচীনের ভূমিকার কথা বিবেচনায় রেখে মুখ্যমন্ত্রী প্রসঙ্গ উহ্য রাখার কৌশল নিয়েছে দল।
তবে বিজেপি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে কোনও নেতাকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে তুলে ধরলে আলাদা কথা। গেহলটের বিরুদ্ধে কেন্দ্রের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে প্রার্থী করে সেই বার্তা দেওয়া হতে পারে।