.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 8 February 2025 10:43
দ্য ওয়াল ব্যুরো: গত ৬টি বিধানসভা নির্বাচনে দিল্লিতে হেরেছে বিজেপি। তবে এবারে অধিকাংশ বুথফেরত সমীক্ষাই পদ্মশিবিরকে এগিয়ে রেখেছে। তাতে ফল প্রকাশের আগে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। পাল্টা হিসেবে গত লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষার প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। সিংহভাগ সমীক্ষক সংস্থায় জানিয়েছিল, বিজেপি এককভাবে সরকার গড়বে। তবে ফলাফল বেরোতে স্পষ্ট হয়ে যায়, সরকার গঠন করলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
ইতিমধ্যে রাজধানীতে স্যুইপ করতে শুরু করেছে পদ্ম শিবির। কমিশন সূত্রের খবর, সকাল ১০টা ১৫ পর্যন্ত বিজেপি ৪৪ , আপ ২৭টি আসনে এগিয়ে। এখন কৌতূহলের বিষয় হল, অতীতের একাধিক নির্বাচনে এক্সিট পোলের সঙ্গে কতটা মিলেছিল দিল্লির ফলাফল? কী বলছে পরিসংখ্যান।
২০১৩ সালের বুথফেরত সমীক্ষায় সিংহভাগ সমীক্ষক সংস্থা দাবি করেছিল, বিজেপি এগিয়ে থাকবে। বিজেপি ৩৫টি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। অন্যদিকে কংগ্রেস ও আপ ১৭টি করে আসন পেতে পারে বলে জানানো হয়েছিল। ফলাফল প্রকাশ হতে দেখা যায় বিজেপি ৩২টি আসনে জয়ী হয়, আপ ২৮টি এবং কংগ্রেস ৮টি আসনে জেতে। অর্থাৎ ২০১৩ সালে ফলাফল অনেকটাই মিলিয়ে দিয়েছিল বুথফেরত সমীক্ষা।
২০১৫ সালের ভোটের অধিকাংশ সমীক্ষক সংস্থা আপের সপক্ষে মত জানিয়ে বলেছিল, কেজরিওয়ালের দল ৪৫টি আসন পেতে পারে। তবে ফল প্রকাশ হতে দেখা যায়, আপ এককভাবে ৬৯টি আসনে জয়ী হয়। মাত্র ৩টি আসন পেয়েছিল বিজেপি। কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল।
২০২০ সালের বিধানসভা ভোটের সমীক্ষাতেও আপের সরকার গড়ার আভাস দেওয়া হয়েছিল। সিংহভাগ সমীক্ষক সংস্থা জানিয়েছিল, আপ গড়ে ৫২টি এবং বিজেপি ১৭টি আসন পেতে পারে। ফল প্রকাশ হতে দেখা যায় ৬২টি আসনে আপ এবং বিজেপি ৮টি আসনে জয়ী হয়েছিল।
অর্থাৎ পরিসংখ্যানের নিরিখে গত তিনবারের ভোটে বুথ ফেরত সমীক্ষার সঙ্গে বাস্তব ফলের বিশেষ ফারাক ঘটেনি। এবারেও সেই ট্রেন্ড বজায় থাকলে প্রায় ২৭ বছর পর রাজধানীর তখতে ফিরতে পারে পদ্ম শিবির।