
আইআইটি মাদ্রাজের ডিরেক্টর
শেষ আপডেট: 21 January 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি গোমূত্রের প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তিনি গোমূত্রের ঔষধী গুণ রয়েছে বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, যে কোনও ধরনের সংক্রমণ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল ক্ষমতা রয়েছে। এমনকী হজমের গন্ডগোলেও উপশম হয়।
যেই না তাঁর এই মন্তব্য নিয়ে হইচই শুরু হয়েছে, ওমনি কামাকোটি জানালেন, তাঁর মতামতকে প্রসঙ্গের বাইরে গিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। আইআইটি মাদ্রাজের ডিরেক্টর বুঝিয়ে বলেন, 'গোমূত্রের ছত্রাক-বিরোধী, ব্যাকটেরিয়া-বিরোধী এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের (মার্কিন) শীর্ষ জার্নালগুলি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রমাণ-সহ প্রকাশ করেছে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমার মন্তব্য ছিল জৈব চাষ এবং দেশীয় গবাদি পশুর জাত রক্ষার পক্ষে এবং প্রচারের প্রেক্ষাপটে। যা কৃষি এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
বিশ্বের অন্যতম জনপ্রিয় বিজ্ঞান জার্নাল, 'নেচার'-সহ একাধিক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের নথি সংবাদমাধ্যমে সঙ্গে ভাগ করেছেন কামাকোটি। বলেছেন, এই গোমূত্রের বিষয়ে তিনি বা বাকিরা যা যা বলেছেন তার তথ্যকে আরও জোরদার করে।
বস্তুত, কামাকোটির তাঁর ভিডিওতে দাবি করেছিলেন, 'একজন সন্ন্যাসী খুব জ্বর হলে নিজে নিজেই তার নিরাময় করেন গোমূত্র পান করে। তিনি গল্পের অবতারণা করে বলেন, একবার এক সাধুকে দেখেছিলাম, যিনি প্রবল জ্বরে কাবু ছিলেন। যখন ডাক্তার ডাকার ভাবনাচিন্তা চলছে। তখন তিনি বলেছিলেন, গোমূত্রন পিনামি। সেই সাধুর নামটি আজ মনে নেই। তবে দেখেছি, তিনি সঙ্গে সঙ্গে গোমূত্র পান করে নিলেন। এবং ১৫ মিনিটের মধ্যে তাঁর গায়ের তাপ কমতে শুরু করেছিল।'
পাল্টা রাজনৈতিক দল ডিকে-র নেতা একটি বৈজ্ঞানিক সমীক্ষার কথা তুলে ধরে বলেন, পরীক্ষিত যে গোমূত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকায় তা মানুষের পানযোগ্য নয়। তিনি সাধারণ মানুষের কাছে কামাকোটির দাবি বিশ্বাস না করতে বলেছেন। টিপিডিকে দলের তরফে বলা হয়েছে, কামাকোটিকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে আমরা প্রতিবাদ-আন্দোলন করব।