
শেষ আপডেট: 6 January 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: কুখ্যাত গ্যাংস্টার সে। বিপুল সম্পত্তি, তেমনই প্রতিপত্তি। কিন্তু টাকা পয়সা নিয়ে সামান্য ঝামেলার জেরে এমনভাবে যে তাকে খুন হতে হবে তা কি সে নিজেও ভেবেছিল! বিবাহ বার্ষিকীর দিন ভর দুপুরে নিজেরই গ্যাংয়ের সদস্যদের গুলিতে খুন হল পুনের কুখ্যাত গ্যাংস্টার শরদ মহল।
সিসিটিভি ক্যামেরায় হাড় হিম করা সেই খুনের ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, শুক্রবার দুপুরে পুনের কোঠরুড এলাকায় একটি সরু গলির ভিতর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শরদকে গুলি করে তারই দলের লোকজন। ভিডিওতে দেখা গেছে, এলোপাথাড়ি গুলিতে শরদ লুটিয়ে পড়ার পর তাকে টেনে হিঁচড়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে অভিযুক্তরা।
Video footage captured firing on gangsters #SharadMohol in Pune. He was responsible for murder of alleged Indian Mujahideen operative Qateel Siddiqui in Yerewada Jail. His wife was a member of the BJP of Modipic.twitter.com/nMLFLjl32U
— Crime Reports India (@AsianDigest) January 6, 2024
পুলিশ জানিয়েছে, শুক্রবার ছিল শরদের বিবাহ বার্ষিকী। সেদিন দুপুর ১.৩০ নাগাদ তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। অন্তত ৩টি গুলি তার শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। একটি গিয়ে লাগে তার বুকে, বাকি দুটি ডান কাঁধ ভেদ করে বেরিয়ে যায়। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, টাকা পয়সা এবং জমিজমা নিয়ে নিজেরই দলের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল শরদ। সেই কারণেই তাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। তবে যেহেতু নিজের দলের লোকের হাতেই খুন হয়েছে এই কুখ্যাত গ্যাংস্টার, তাই এই ঘটনাকে গ্যাং ওয়্যার বলে মানতে নারাজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। তাঁর দাবি, মহারাষ্ট্র কেউই গ্যাং ওয়ারে জড়িয়ে পড়ে না, কারণ সরকার এসব কুখ্যাত দুষ্পৃতিদের কঠোর হাতে দমন করে।
শরদের হত্যাকাণ্ডে ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।