.webp)
চন্দ্রবাবু নাইডু।
শেষ আপডেট: 19 September 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল ওয়াইএসআর কংগ্রেস পরিচালিত পূর্ববর্তী সরকারের আমলে! অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর আনা এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
এবার এ বিষয়ে সামনে এল সরকারি রিপোর্টও। ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের সেন্টার অফ অ্যানালাইসিস অ্যান্ড লার্নিং ইন লাইভস্টক অ্যান্ড ফুড এর জুলাইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিরুপতির লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘিতে মাছের তেল, গরুর চর্বির নমুনা পাওয়া গিয়েছে। এমনকী শূকরের চর্বিও মিলেছে।
চন্দ্রবাবুর অভিযোগ উড়িয়ে তাঁর বিরুদ্ধে তিরুমালা মন্দিরের পবিত্রতা নষ্ট করার অভিযোগ এনেছিলেন সিনিয়র ওয়াইএসআর কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি। যদিও নাইডুর অভিযোগকেই মান্যতা দিয়েছে সরকারি ল্যাবের রিপোর্ট। ফলে তিরুপতির লাড্ডু ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত, বুধবার এনডিএ বিধায়ক দলের বৈঠকে ভাষণ দিচ্ছিলেন নাইডু। সেখানেই এই দাবি করেন তিনি। তিনি তেলুগু ভাষায় বলেন, 'গত পাঁচ বছরে ধরে ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতারা তিরুমালার পবিত্রতাকে কলঙ্কিত করেছে। তারা 'অন্নদানম' (বিনামূল্যে খাবার) প্রকল্প করতে গিয়ে খাবারের মানের সঙ্গে আপস করেছে। এমনকি ঘির পরিবর্তে পশুর চর্বিও ব্যবহার করেছে পবিত্র তিরুমালার লাড্ডু বানানোর সময়ে। যাইহোক, আমরা এখন খাঁটি ঘি ব্যবহার করছি, আমরা মন্দিরের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করছি।'
প্রসঙ্গত, জুন মাসেই তাঁর তেলুগু দেশম পার্টি জনসেনা এবং বিজেপির সঙ্গে জোট করে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে। তার আগে জগন রেড্ডি সরকারের অধীনে তিরুপতিতে তৈরি হওয়া শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে লাড্ডুর মহিমা সারা বিশ্বের ভক্তদের কাছে জনপ্রিয়। মন্দিরটি তিরুমালা তিরুপতি দেবস্থানমস দ্বারা পরিচালিত। মন্দিরের নিয়ম অনুযায়ী, প্রসাদের জন্য টোকেন দেখাতে হয়। তাতে প্রসাদি লাড্ডু পান ভক্তরা। তবে যাদের দর্শন টোকেন থাকে না, তাদের লাড্ডু পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড দেখানোর নিয়মও চালু করা হয়েছিল সম্প্রতি।