এই স্কিমের অধীনে যদি কোনও কর্মী চাকরিরত অবস্থায় মারা যান, তবে তাঁর মনোনীত ব্যক্তি বা নমিনি, আইনি উত্তরাধিকার সূত্রে এই বিমার সুবিধা পাবেন।

ইপিএফও-র জীবনবিমার সুবিধা।
শেষ আপডেট: 3 June 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: প্রভিডেন্ট ফান্ড (EPF) সদস্যদের জন্য সুখবর! EPFO-র অধীনে পরিচালিত এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসুরেন্স (EDLI) স্কিমের অধীনে এখন সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত জীবনবিমার সুবিধা পাবেন কর্মচারীরা। এই স্কিমের অধীনে যদি কোনও কর্মী চাকরিরত অবস্থায় মারা যান, তবে তাঁর মনোনীত ব্যক্তি বা নমিনি, আইনি উত্তরাধিকার সূত্রে এই বিমার সুবিধা পাবেন।
এই নিয়ে একগুচ্ছ নতুন নিয়মও চালু করেছে ইপিএফও। সেগুলি জেনে নেওয়া যাক সংক্ষেপে।
১২ মাসের কম সময়ের জন্য পরিষেবা নিলেও, ৫০ হাজার টাকার বিমার সুবিধা মিলবে কর্মচারীদের। আগে EDLI সুবিধা পেতে হলে কর্মীর কমপক্ষে ১২ মাসের ধারাবাহিক চাকরি থাকা আবশ্যক ছিল। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও কর্মী ১২ মাসের কম সময় চাকরি করেন এবং মারা যান, তবে তাঁর পরিবার ৫০ হাজার টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবে।
চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ২ মাস পর্যন্ত বিরতি গ্রহণযোগ্য হবে নতুন নিয়মে। আগে চাকরি পরিবর্তনের সময় ১-২ দিনের বিরতিও ধারাবাহিক চাকরির ব্যাঘাত হিসেবে গণ্য হত, ফলে বিমার সুবিধা প্রাপ্তিতে সমস্যা হত। নতুন নিয়মে, চাকরি পরিবর্তনের সময় ২ মাস পর্যন্ত বিরতি গ্রহণযোগ্য হবে এবং এটি ধারাবাহিক চাকরি হিসেবে বিবেচিত হবে।
শেষ পিএফের টাকা দেওয়ার ৬ মাসের মধ্যে মৃত্যু হলেও সুবিধা মিলবে। আগে যদি কোনও কর্মী পিএফ দেওয়া বন্ধ করার পরে মারা যেতেন, তবে তাঁকে চাকরির বাইরে বিবেচনা করা হত এবং বিমার সুবিধা দেওয়া হত না। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও কর্মী শেষ পিএফ দেওয়ার ৬ মাসের মধ্যে মারা যান এবং তাঁর নাম সংস্থার খাতা থেকে বাদ না পড়ে, তবে তাঁর পরিবার বিমা সুবিধা পাবে।
কর্মীরা তাদের UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) এবং পাসওয়ার্ড দিয়ে EPF সদস্য পোর্টালে লগইন করে 'e-nomination' বিভাগে গিয়ে পরিবারের সদস্যদের নাম, ছবি এবং আধার নম্বর আপলোড করে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আধার তথ্য যাচাইয়ের পর মনোনয়ন চূড়ান্ত হবে।
এই নতুন নিয়মাবলি প্রয়োগের ফলে হাজার হাজার কর্মী ও তাঁদের পরিবার উপকৃত হবেন এবং তাঁদের সামাজিক নিরাপত্তাও যথেষ্ট জোরদার হবে।