
মাস্ক চিনের উপর তৈরি যুদ্ধকৌশলের ২০-৩০টি স্লাইডস এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখবেন।
শেষ আপডেট: 21 March 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার সঙ্গে চিনের যুদ্ধ কি আসন্ন? ওয়াশিংটন-বেজিংয়ের শুল্কযুদ্ধ শুরুর পর থেকে দুদেশের পারস্পরিক হুঁশিয়ারি-হুঙ্কারের পরিবেশে সম্ভাব্য সামরিক যুদ্ধের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আর সেই আবহেই আজ, শুক্রবার আমেরিকার সেনা সদর দফতর পেন্টাগনে বসতে চলেছে সম্ভাব্য রণকৌশল সংক্রান্ত 'টপ সিক্রেট' একটি বৈঠক। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের (NYT) খবর অনুযায়ী, সেই সবথেকে গোপনীয় শীর্ষ বৈঠকে হাজির থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম পৃষ্ঠপোষক টেসলা মালিক ইলন মাস্ক।
সূত্রকে উদ্ধৃত করে এনওয়াইটি জানিয়েছে, ট্রাম্পের নতুন তৈরি করা দফতর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (DOGE) প্রধান মাস্ক এদিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের সদর কার্যালয়ে যাবেন এবং সেখানে আমেরিকা-চিন সম্ভাব্য যুদ্ধ নিয়ে টপ সিক্রেট একটি মিটিংয়ে থাকবেন। চিন আচমকা হামলা চালালে আমেরিকা কীভাবে জবাব দেবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানবেন সেনাকর্তাদের কাছ থেকে।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ইলন মাস্ককে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক বিষয়ে দরাজ ছাড়পত্র দিয়েছেন। বিশেষত সরকারি ও প্রশাসনিক কাজে অতিরিক্ত কর্মী ছাঁটাই, কাজহীন দফতর তুলে দেওয়া এবং যে কোনও বৈঠকে হাজির থাকা মাস্কের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের অনেক বড় বড় মন্ত্রীর থেকেও প্রশাসনে তাঁর খবরদারি বহু গুণে বেড়ে গিয়েছে। কিন্তু, নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, এ যাবৎকালে পেন্টাগনের ভিতরে ঢুকে টপ সিক্রেট কৌশল জানার অধিকার কেবলমাত্র মাস্কই পেতে চলেছেন। এটাকে 'নাটকীয় বাড়বাড়ন্ত' ও 'অস্বাভাবিক ক্ষমতা' বলে জানিয়েছে সংবাদপত্রটি।
সূত্রটি জানিয়েছে, পেন্টাগনে গিয়ে মাস্ক চিনের উপর তৈরি যুদ্ধকৌশলের ২০-৩০টি স্লাইডস এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখবেন। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে আমেরিকার ছক কী হবে সে সম্পর্কে শীর্ষ সামরিক ও সেনা সচিবরা বিস্তারিত জানাবেন মাস্ককে। এর মধ্যে থাকছে জরুরি ভিত্তিতে চিনের কোন কোন লক্ষ্যবস্তুতে হানাদারি চালাবে আমেরিকা এবং কত সময়ের মধ্যে হামলার জবাব দেওয়া যাবে। এই গোটা পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও পেশ করা হবে।
যদিও এই সংবাদের বিষয়ে হোয়াইট হাউস কিংবা ইলন মাস্ক কেউই পেন্টাগন যাওয়ার বিষয়ে নিশ্চয়তা দেননি। তবে প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান মুখপাত্র জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগনে ইলন মাস্ককে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাঁকে সদর কার্যালয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন খোদ প্রতিরক্ষা সচিব হেগসেঠ।