
শেষ আপডেট: 17 March 2024 17:27
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালেই আবগারি দুর্নীতি মামলায় আগাম জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এতেও স্বস্তি মিলল না। একদিনের মধ্যে রবিবার ফের তাঁকে সমন পাঠাল ইডি। আগামী ২১ মার্চ আম আদমি পার্টির প্রধানকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নিয়ে নবমবার আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় কেজরিওয়ালের বয়ান রেকর্ড করার জন্য নবম বার তাঁকে তলব করা হয়েছে। শুধু তাই নয়, জল বোর্ড সংক্রান্ত আরও একটা মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। তবে এবারও তিনি হাজির দেবেন কিনা তা এখনও ধোঁয়াশা রয়েছে। যদি আপের তরফে জানানো হয়েছে, কেজরিওয়ালকে গ্রেফতার করার এটি কেন্দ্রের দ্বিতীয় দফার পরিকল্পনা।
ইডির তলব লাগাতার এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। শনিবার সেই নির্দেশে সাড়া দিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হন তিনি। আদালত থেকে আগাম জামিনও পান। তারপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে ফের সমন পাঠাল ইডি। আগামী ২১ মার্চ তাঁকে সশরীরে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে আটবার তিনি ইডির সমন এড়িয়ে গেছেন।
অষ্টমবার তলব এড়ানোর পরে ইডিকে চিঠি লিখেছিলেন আপ সুপ্রিমো। কেন্দ্রীয় তদন্তকারীকে চিঠিতে তিনি জানিয়েছিলেন, ১২ মার্চের পর তলব করলে তিনি সাড়া দেবেন। তবে সশরীরে নয়, ভারচুয়ালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন।
এই সমন প্রসঙ্গে দিল্লির মন্ত্রী অতিশী বলেন, “কেজরিওয়াল শনিবারই আদালতে বিজেপির সব প্রশ্নের জবাব দেন। দিল্লির জল বোর্ডের যে মামলায় মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে, সেই মামলার কথা আগে কেউ শোনেনি। এটা একটা ভুয়ো মামলা।” ভোটের মুখে এই সমন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়, এমনটাই মত আপ নেতাদের।