বলা হয়েছে কর্মচারীরা তাঁদের চাকরি সংক্রান্ত দাবিদাওয়া, ক্ষোভ, অসন্তোষও সমাজমাধ্যমে প্রকাশ করতে পারবেন না। এইগুলি সার্ভিস রুল অবমাননা বলে ধরে নিয়ে শাস্তি দেওয়া হবে।

দেবেন্দ্র ফড়ণবিস
শেষ আপডেট: 29 July 2025 10:13
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharashtra) সরকারি কর্মচারীদের সমাজমাধ্যমে সক্রিয়তায় গণ্ডি কেটে দিল রাজ্যের বিজেপি (BJP) পরিচালিত জোট সরকার। সমাজমাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীদের জন্য আচরণ বিধি তৈরি করেছে রাজ্য সরকার।
তাতে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা মহারাষ্ট্র রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনও সিদ্ধান্ত, পদক্ষেপ, নীতি ইত্যাদির কোনওরকম সমালোচনা করতে পারবেন না। তবে অন্য কোনও রাজ্য সরকারের সমালোচনা করা যাবে কিনা তা স্পষ্ট করা হয়নি নির্দেশিকায়।
সরকারি ঘোষণা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। কোনও কোনও মহল মনে করছে সরকারি কর্মচারীদের আন্দোলন দমনেই এই পদক্ষেপ করা হয়েছে। বিগত কয়েক বছর যাবত মহারাষ্ট্রের সরকারি কর্মচারীরা নানা ইস্যুতে আন্দোলন করছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়া।
বলা হয়েছে কর্মচারীরা তাঁদের চাকরি সংক্রান্ত দাবিদাওয়া, ক্ষোভ, অসন্তোষও সমাজমাধ্যমে প্রকাশ করতে পারবেন না। এইগুলি সার্ভিস রুল অবমাননা বলে ধরে নিয়ে শাস্তি দেওয়া হবে।
আর একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হল, কর্মচারী ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারের বিষয়ে কিছু পোস্ট করতে পারবেন না। এ জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের তত্বাবধানে তৈরি করা হবে।
তাতে সরকারের ভাল কাজের দৃষ্টান্ত তুলে ধরা যাবে। কিন্তু সরকারের কাজে নিজেকে মহিমান্বিত করে কোনও পোস্ট দেওয়া যাবে না। পোস্ট করা যাবে না সরকারের কোনও প্রতীক চিহ্ন, নির্দেশিকা, নথি, রিপোর্ট ইত্যাদির কপি। এগুলি একমাত্র সরকারি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া সাইটে থাকবে। সরকার কোনও নথি জনসমক্ষে প্রকাশ করলে তখন সেগুলি সরকারি কর্মচারীরা নিজেদের অ্যাকাউন্টে দিতে পারবেন।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে নতুন বিধি আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বলবৎ হবে।