
শেষ আপডেট: 23 October 2023 10:47
দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লি নয়, দশমীর দিন অর্থাৎ মঙ্গলবার অরুনাচল প্রদেশে চিন সীমান্তে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এদফায় সীমান্তে সেনার একাধিক ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে রাজনাথের। আলাদা করে কথা বলবেন জওয়ানদের সঙ্গেও। এবং তাঁদের সঙ্গে দশেরার উৎসব পালন করারও কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রীর।
অরুনাচল প্রদেশের দখল নিতে মরিয়া চিন। ভারতের সঙ্গে চিনাদের ঠান্ডা যুদ্ধ চলছেই। অরুনাচল প্রদেশের বিভিন্ন অংশের নাম বদলে দেওয়ার পাশাপাশি সম্প্রতি এশিয়ান গেমসে রাজ্যের তিন উশু খেলোয়াড়কে ভিসা না দেওয়ার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। সম্প্রতি এই বিষয়ে সরব হয়েছিলেন অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
এরপরই সীমান্তে ভারত-চিন যুদ্ধ স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই স্মারক। এমন আবহে অরুনাচল প্রদেশে চিন সীমান্তে প্রতিরক্ষামন্ত্রীর এই সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।
সেনা সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৮টায় তাওয়াং পৌঁছবেন রাজনাথ। যাবেন অসম হিলে। সেখান থেকে সীমান্তে বুম লা সেনা শিবিরে যাবেন। জওয়ানদের সঙ্গে কথা বলার পর সদ্য তৈরি হওয়া যুদ্ধ স্মারকে বীর শহিদ সেনাদের সম্মান জানাবেন। এবং জওয়ানদের সঙ্গেই পালন করবেন চলতি বছরের দশেরার উৎসব।
জানা গিয়েছে, তাওয়াং ক্যান্টনমেন্টে শস্ত্রপূজায় অংশ নেওয়ার পরে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকও করবেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। বস্তুত, প্রতিরক্ষামন্ত্রীর এই সফরের আগে রবিবার সংশ্লিষ্ট এলাকায় গিয়েছিলেন রাজ্যপাল কে টি পট্টনায়েক।
প্রসঙ্গত, চিনের হুমকির প্রেক্ষিতে চলতি বছরের শুরুতে ৩ জানুয়ারি অরুণাচল প্রদেশে পরিকাঠামোর উন্নয়নে বড় পদক্ষেপ করেছিল সরকার। ৭২৪ কোটি টাকা ব্যয়ে সিয়ম সেতুর উদ্বোধন করে অরুনাচলের মাটি থেকে রাজনাথ বলেছিলেন, ভারত বরাবরই যুদ্ধের বিরুদ্ধে। ভারত কোনওদিন কোনও যুদ্ধের সূচনা করেনি, কোনও দেশের এক ইঞ্চি জমি দখল করেনি। কিন্তু এটাকে দুর্বলতা ভাবা উচিত নয়।
দশেরার সফর থেকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী চিনের উদ্দেশে নতুন কোনও বার্তা দেন কি না, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক কূটনীতিক মহল।