
শেষ আপডেট: 3 December 2023 18:54
দ্য ওয়াল ব্যুরো: চার রাজ্যে বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে রবিবার সকাল থেকে। বেলা ১১টা পর্যন্ত যা ট্রেন্ড তাতে মধ্যপ্রদেশের ফলাফলের মোটামুটি ভাবে একটা স্পষ্ট ছবি দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশে কংগ্রেসের তুলনায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। হিন্দিবলয়ের এই রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। দেখা যাচ্ছে, প্রতিষ্ঠান বিরোধিতার পরিবর্তে শিবরাজ সিং চৌহানের অনুকূলে জনাদেশ গিয়েছে।
মধ্যপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা হল ২৩০। সকাল ১১টা নাগাদ ট্রেন্ডে দেখা যাচ্ছে, ১৫৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তুলনায় মাত্র ৭০টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
বিধানসভা ভোটের এই ফলাফল মোটামুটি ভাবে স্পষ্ট হতেই সংবাদমাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর কথায়, ‘লাডলি বহেনাদের’ ধন্যবাদ। তাঁরাই বিজেপিকে ভোটে জিতিয়েছেন।
এই লাডলি বহেনার বাংলা অর্থ আদরের বোন। আসলে এই প্রকল্প বাংলার লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পেরই নামান্তর। বিধানসভা ভোটের আগে চলতি বছরের গোড়ায় মধ্যপ্রদেশে এই প্রকল্প চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান। প্রকল্পের আওতায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের মাসে ১ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। পরে অগস্ট মাসে সেই অনুদানের পরিমাণ আরও ২৫০ টাকা বাড়িয়ে ১২৫০ টাকা করে দেন শিবরাজ। শুধু তা নয়, শিবরাজ ভোটে এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে ক্ষমতায় ফিরলে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে মাসে ৩ হাজার টাকা করা হবে।
একুশের বিধানসভা ভোটে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ত়ৃণমূলের জন্য অনুঘটক হয়ে উঠেছিল। তেমনই শিবরাজের জন্য লাডলি বহেনা অনুঘটকের কাজ করেছে বলেই অনেকে মনে করছেন। মধ্যপ্রদেশে ২.৭ কোটি মহিলা ভোটার রয়েছেন। শিবরাজের মতে, তাঁরা দু’হাত উপুড় করে তাঁকে ভোট দিয়েছেন।
শিবরাজ এদিন আরও বলেন, “নরেন্দ্র মোদীর মনে মধ্যপ্রদেশ রয়েছে। মধ্যপ্রদেশের মনেও রয়েছে নরেন্দ্র মোদী। উনি মানুষের প্রতি যে আবেদন জানিয়েছিলেন, তাতে জনতা সাড়া দিয়েছে।” শিবরাজের কথায়, “ডবল ইঞ্জিন সরকারও এই জয়ের কারণ।”
#WATCH | #MadhyaPradeshElections2023 | Incumbent CM Shivraj Singh Chouhan says, "Modi ji MP ke mann mein hain aur Modi ji ke mann mein MP hai. He held public rallies here and appealed to the people and that touched people's hearts. These trends are a result of that. Double-engine… pic.twitter.com/MHOUthgsRr
— ANI (@ANI) December 3, 2023
শিবরাজ বলেছেন, “রাজ্য সরকার গরিবের জন্য কৃষকের জন্য কাজ করেছে। লাডলি লক্ষ্মী, লাডলি বহেনা ইত্যাদি যে যে অসামান্য সব প্রকল্প চালু করেছে এবং ভাগ্নে ভাগ্নীদের জন্য যে কাজ হয়েছে তাতেই মানুষ খুশি হয়েছে এবং সরকারের পাশে থেকেছে।”
বস্তুত বুথ ফেরত সমীক্ষায় অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং টুডেজ চাণক্য দুজনেই করেছিল, মধ্যপ্রদেশে কংগ্রেস যতটা ভাল ফল আশা করেছিল, তা অধরাই থেকে যাবে। তারা জানিয়েছিলেন, এবারও শিবরাজ সিংহ চৌহান সেখানে সরকার গড়তে চলেছেন। অ্যাক্সিসের সমীক্ষায় বলা হয়েছিল, এই রাজ্যে বিজেপি পেতে পারে ১৪০ থেকে ১৬২ টি আসন। চাণক্যর দাবি ছিল, মধ্যপ্রদেশে বিজেপি কমবেশি ১৫১টি আসনে জিতবে। অ্যাক্সিসের মতে, কংগ্রেস জিততে পারে ৬৮ থেকে ৯০ টি আসন। চাণক্যর দাবি, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে কমবেশি ৭৪টি আসন। প্রকৃত ফলাফলে এখনও পর্যন্ত সেই ট্রেন্ডই দেখা যাচ্ছে।