
তসলিমা নাসরিন এবং শমীক ভট্টাচার্য
শেষ আপডেট: 17 March 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ বিজেপি (BJP) চায় তসমিলা নাসরিন (Taslima Nasrin) কলকাতায় (Kolkata) ফিরে আসুন! সম্প্রতি রাজ্যসভায় এই ইস্যুতে সরব হন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি চান, বাংলাদেশি এই সাহিত্যিককে আবার কলকাতায় ফিরিয়ে আনা হোক, তাঁর থাকার জায়গার ব্যবস্থা করা হোক। শমীকের কথায়, বাংলায় নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক।
তসলিমা নাসরিনের 'দ্বিখণ্ডিত' উপন্যাস (Dwikhandito) নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। সেটি প্রকাশ পাওয়ার পরই নিজের দেশ বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয় তাঁকে। সেই সময়ে ছিল শেখ হাসিনা সরকার। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে চলে এসেছিলেন তিনি। উঠেছিলেন কলকাতায়। কিন্তু এই শহরেও বেশিদিন থাকতে পারেননি তসলিমা। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে লেখিকাকে কলকাতা থেকেও 'নিষিদ্ধ' করে দেওয়া হয়। তারপর থেকে ভারতে থাকতে পারলেও আর কলকাতায় আসতে পারেননি বাংলাদেশি লেখিকা।
১৮ বছরেরও বেশি হয়ে গেছে, কলকাতায় পা রাখেননি তসলিমা। তাঁকেই এবার কলকাতা তথা রাজ্যে ফেরাতে উদ্যোগী গেরুয়া শিবির। রাজ্যসভায় শমীক ভট্টাচার্য এই ইস্যুতে বলেছেন, তসলিমা নাসরিনের কাছে কলকাতা নিজের শহর, ভালবাসার শহর, প্রাণের শহর। তাই তাঁকে ফেরানো হোক। তাঁর এও বক্তব্য, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে কলকাতা থেকে তাড়ানো হয়েছিল। এদিকে যে কংগ্রেস নেতা লেখিকাকে তাড়াতে তৎপর হয়েছিলেন তিনি এখন তৃণমূলে। সেই প্রেক্ষিতে তসলিমাকে কলকাতায় ফেরানোর জোরাল দাবি করেন তিনি।
শমীকের কথা শোনার পর এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে লেখিকা জানান, তিনি বিজেপি সাংসদকে ধন্যবাদ জানাতে চান। তাঁকে কেন এত বছর ধরে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেটা তিনি আজ পর্যন্ত বোঝেননি। লেখিকার প্রশ্ন, 'আমি কি কোনও সিরিয়াল কিলার নাকি, যে আমাকে শহরে ঢুকতে দেওয়া যাবে না?' প্রসঙ্গত এর আগে একাধিকবার কলকাতা থেকে বিতাড়িত হওয়ার জন্য বাম আমলকে দায়ী করে এসেছেন তসলিমা।