
ফাইল চিত্র
শেষ আপডেট: 24 November 2024 07:59
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক রেল দুর্ঘটনার কারণে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। এমনিতেই ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঘুম উড়িয়েছে রেলের কর্মকর্তাদের। তারউপর আবার নতুন সমস্যা। ভোপাল-জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেসের এবার সাপের উৎপাত। চলন্ত ট্রেনে সাপের 'তাণ্ডবে' নাজেহাল যাত্রীরা। ঘটনাটি ঘটেছে দিন দু’য়েক আগে। বিষয়টিকে কেন্দ্র করে আবারও প্রশ্নের মুখে রেল কতৃপক্ষ। রেলের যাত্রী নিরাপত্তার প্রসঙ্গও জোরালো হয়েছে।
ভোপাল-জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের লাগেজ রাখার জায়গায় লুকিয়ে ছিল একটি বিষধর সাপ। যাত্রীরা ট্রেনে উঠে লাগেজ রাখতে গেলেই হঠাৎ চিৎকার শোনা যায়। তারপরে সেখানে তাকিয়ে দেখেন, একটি বিশাল সাপ ঘোরাফেরা করছে। বিষয়টি জানার পর রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনা প্রসঙ্গে পশ্চিম-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব বলেন, 'বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। কীভাবে এত বড় একটি সাপ ট্রেনের ভিতরে এল তা খতিয়ে দেখা হবে। ট্রেনটি ইতিমধ্যেই স্যানিটাইজ করে নিরাপদ করা হয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। এছাড়াও কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে।'
একাধিক প্রশ্নের মুখে ভারতীয় রেল। ট্রেনের ভিতর সাপ এল কোথা থেকে, সেই নিয়েই তদন্ত করছে রেলওয়ে সুরক্ষা বাহিনী। কোনও যাত্রী সঙ্গে করে সাপ নিয়ে উঠেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অসৎ উদ্দেশ্য নিয়ে এই ধরনের কাণ্ড ঘটানোর পিছনে বহিরাগত কেউ থাকলে তার দ্রুত চিহ্নিত করা হবে বলে সূত্রের খবর।
তবে এই প্রথম এমন ঘটনা সামনে এসেছে, তা নয়। একের পর এক বিতর্কের মাঝে যখন জর্জরিত ভারতীয় রেল, তখন দু’বার ট্রেনের ভিতর সাপ পাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। চলতি বছরের অক্টোবরেই ঝাড়খণ্ড থেকে গোয়া যাতায়াতকারী ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসের এসি কোচেও একটি জ্যান্ত সাপ উদ্ধার হয়েছিল। সেই সময় এসি টু-টায়ার কোচের নিচের বার্থ সংলগ্ন পর্দার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল সাপ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।