
স্বাতী মালিওয়াল।
শেষ আপডেট: 18 May 2024 07:46
দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়ালকে 'বিজেপির ষড়যন্ত্রের অংশীদার' হিসেবে শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেছিলেন আম আদমি পার্টির শীর্ষস্থানীয় নেত্রী আতিশী। তারপরেই দিল্লি পুলিশকে ট্যাগ করে সোশ্যাল মাধ্যমে আপের বিরুদ্ধে ফের বড় অভিযোগ আনলেন স্বাতী।
স্বাতীর অভিযোগ, ঘটনার দিনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনের ফুটেজে কারসাজি করা হয়েছে। এ ব্যাপারে দিল্লি পুলিশ যথাযথ তদন্ত করলে 'আসল সত্য' সামনে আসবে বলেও দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, স্বাতী মালিওয়ালের আনা মারধর, শ্লীলতাহানি ও হেনস্তার অভিযোগ উড়িয়ে শুক্রবারের সাংবাদিক বৈঠকে, ঘটনার দিনের কিছু সিসিটিভি ফুটেজ সামনে আনেন আপ নেত্রী আতিশী। ওই ভিডিও ফুটেজে স্বাতীকে কেজরিওয়ালের রক্ষীদের সঙ্গে তুমুল তর্ক করতে দেখা যাচ্ছে এবং একপ্রকার জোর করেই মুখ্যমন্ত্রীর ড্রয়িং রুমে স্বাতীকে ঢুকে পড়তে দেখা যায়।
ওই ভিডিও ফুটেজকে সামনে রেখেই আপ নেত্রী শুক্রবার দাবি করেছিলেন, "দিল্লির মুখ্যমন্ত্রীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য বিজেপির নির্দেশেই স্বাতী মালিওয়াল সেখানে গিয়েছিলেন। পুরো ঘটনায় পূর্ব পরিকল্পিত।"
তারই জবাবে রাতে দিল্লি পুলিশকে ট্য়াগ করে স্বাতী লিখেছেন, "প্রকৃত সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।" স্বাতীর আনা অভিযোগের বিষয়ে আপের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
স্বাতীর আনা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। শুক্রবার এব্যাপারে কেজরিওয়ালের বাসভবনেও গিয়েছিলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, স্বাতী অভিযোগ করেছেন যে তাঁর বুকে, পেটে ঘুষি মারা হয়েছে, এমনকী লাঠি দিয়েও তাঁকে মেরেছেন বিভাব কুমার। শুধু তাই নয়, শরীরের একাধিক স্পর্শকাতর জায়গায় আঘাত করেছেন তিনি। পাশাপাশি যৌন হেনস্তাও করা হয়েছে।