ঝাড়খণ্ডের নিম্নচাপ সরলেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাসহ একাধিক জেলায় বৃষ্টির জেরে বাড়তে পারে জলজট ও ভোগান্তি।

আবহাওয়া
শেষ আপডেট: 10 July 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে থাকা নিম্নচাপ অত্যন্ত ধীরগতিতে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। বর্তমানে এই নিম্নচাপ ছড়িয়ে রয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত রয়েছে নিম্নচাপ অঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে দক্ষিণবঙ্গের উপর তৈরি হয়েছে একটি সক্রিয় নিম্নচাপ অঞ্চল, যার প্রভাবে কলকাতা-সহ একাধিক জেলায় টানা বৃষ্টি চলছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই।
উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও আগামীকাল বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও, রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে, কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রোদের ফাঁকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৫.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৭-৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার।