হঠাৎ এই সিদ্ধান্তের পেছনে কী কারণ? সংগঠন মুখ না খুললেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 4 November 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দিরকে (Digha Jagganath Dham) ‘ধাম’ আখ্যা দেওয়া এবং ‘প্রসাদ’ বিতরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। গত জুলাই মাসে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি পেলেও মঙ্গলবার সেই মামলা নিজে থেকেই প্রত্যাহার করে নিল বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad, VHP)।
তবে মামলা প্রত্যাহারের কারণ নিয়ে মুখ খোলেনি সংগঠন। পরিষদের তরফে এদিন দুপুর পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
এর আগে, দিঘাকে ‘ধাম’ বলা নিয়ে আপত্তি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের দাবি ছিল, ভারতের চারধাম হল বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম। এই চারটিই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ধাম। নতুন করে ‘দিঘা ধাম’ ঘোষণা করা ধর্মীয় আবেগে আঘাতের সমান বলে দাবি করেছিল তারা।
তাদের আরও অভিযোগ ছিল, দিঘার জগন্নাথ মন্দিরে যে ‘প্রসাদ’ বিতরণ করা হচ্ছে, তা ‘হালাল প্রসাদ’। পরিষদের মতে, সেই প্রথা হিন্দু ধর্মীয় ভাবনার সঙ্গে সাংঘর্ষিক। তাই প্রসাদ বিতরণের পদ্ধতিতেও পরিবর্তনের দাবি তুলেছিল তারা।
উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকেই বিতর্ক থামেনি। এর আগেও মন্দির তৈরির বৈধতা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল। তবে কলকাতা হাইকোর্ট সেই সমস্ত মামলাই খারিজ করে দেয়। পরে মন্দিরে স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে নতুন মামলা দায়ের হয়, যা এখনও বিচারাধীন রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
এই আবহেই মঙ্গলবার মামলাটি প্রত্যাহার করে নিল বিশ্ব হিন্দু পরিষদ। ফলে প্রশ্ন উঠেছে, হঠাৎ এই সিদ্ধান্তের পেছনে কী কারণ? সংগঠন মুখ না খুললেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।