দ্য ওয়াল ব্যুরো: নিজের ধর্মপরিচয় গোপন করে, বন্ধুত্ব পাতিয়ে, উত্তরপ্রদেশের বাসিন্দা ১৯ বছরের এক তরুণীকে অপহরণ করার অভিযোগ উঠল কর্নাটকের যুবকের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, ৫ জানুয়ারি কলেজে যাওয়ার পরে আর বাড়ি ফেরেননি ওই তরুণী। তার পরেই তাঁর বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন স্থানীয় চিলুয়াতাল পুলিশ স্টেশনে। চিলুয়াতাল থানার প্রধান অফিসার নীরজ কুমার রাই বলেন, "আমরা তদন্তে নেমে তরুণীর মোবাইল ফোনের কল রেকর্ড উদ্ধার করি। একটা বিশেষ নম্বরে মেয়েটি বারবার কথা বলেছিল। ট্রু কলার অ্যাপে দেখা যায় ওই নম্বরটি মেহবুব বলে কারও। সে কর্নাটকের বাসিন্দা।"
এর পরে মেহবুব নামের ওই ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ পাকা হয় পুলিশের। পুলিশের পরামর্শে তরুণীর বাবা, প্রাক্তন সেনা অফিসার, ১১ জানুয়ারি মেহবুবের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ করার লিখিত অভিযোগও দায়ের করেন পুলিশ। তিনি লেখেন, ওই ব্যক্তি ধর্মপরিচয় গোপন করে গত বছর থেকে তাঁর মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতায় এবং কাজের লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের মামলা রুজু করে পুলিশ। এর পরে তিন সদস্যের একটি পুলিশ দল কর্নাটকে পৌঁছয় মেহবুব ও অপহৃত মেয়েটির খোঁজে। তবে এখনও কারও খোঁজ মেলেনি। যদিও পুলিশ নিশ্চিত, ট্রু কলারে মেহবুব নামধারী ব্যক্তির সঙ্গেই সম্পর্কিত তরুণীর অপহরণ।