প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ চলাকালীন কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশের আসার পর উত্তেজনা আরও বাড়ে। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচসা হয় এবং পরে তা ধস্তাধস্তিতে গড়ায়।

খেজুরিতে বনধ
শেষ আপডেট: 14 July 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহের মধ্যেই সোমবার অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ ঘিরে নতুন করে অশান্তি ছড়াল খেজুরিতে। বন্ধকে সমর্থন জানিয়েছে বিজেপি। সকালে বাঁশগোড়া এলাকায় কর্মীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ চলাকালীন কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশের আসার পর উত্তেজনা আরও বাড়ে। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচসা হয় এবং পরে তা ধস্তাধস্তিতে গড়ায়।
খেজুরি-হেঁড়িয়া রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়। ফলে সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেজুরির জোড়া মৃত্যুকে কেন্দ্র করেই এই বন্ধ আহ্বান করা হয়েছিল। তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, “এই মৃত্যু পরিকল্পিত খুন, প্রশাসন প্রকৃত দোষীদের আড়াল করছে।”