এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর মিছিল বা সভা নিয়ে প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিজেপি।
.jpeg.webp)
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 10 July 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজনৈতিক মিছিলে প্রশাসনের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল বিজেপি। আগামী ১৩ জুলাই (রবিবার) কাঁথিতে (Contai) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে জনসংযোগ মিছিলের আয়োজন করেছে বিজেপি। সেই কর্মসূচির অনুমতির জন্য ৫ জুলাই কাঁথি থানায় আবেদন জমা দিয়েছিল পদ্ম শিবির। কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি।
এই অবস্থায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক বিজেপি কর্মী। বৃহস্পতিবার সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বিজেপির অভিযোগ, বিরোধী দলনেতার নেতৃত্বে কর্মসূচি হওয়ায় ‘ইচ্ছাকৃতভাবে’ প্রশাসন অনুমতি আটকে দিচ্ছে। বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশের দাবি, “যে কোনও শান্তিপূর্ণ মিছিল বা জনসংযোগের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।”
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর মিছিল বা সভা নিয়ে প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিজেপি। কখনও কলকাতায়, কখনও জেলায়—প্রায় প্রতিবারই শেষ কথা বলেছে আদালত। কখনও সরাসরি অনুমতি, আবার কখনও কড়া শর্তে ছাড়পত্র মিলেছে হাইকোর্টের নির্দেশে।
এই পরিপ্রেক্ষিতে ফের আদালতের দ্বারস্থ হয়ে বিজেপি কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল। এবার আদালতের রায় কী হয়, তা দেখতেই এখন মুখিয়ে বিজেপি নেতৃত্ব।