
শেষ আপডেট: 12 February 2024 19:32
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ ধরতে গিয়ে ফের বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃতের নাম শ্রীদাম হালদার( ৪৬)। তাঁর দেহ উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনা হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
গত বুধবার কুলতলির গাইনের চক এলাকার বাসিন্দা শ্রীদাম হালদার চার সঙ্গীকে নিয়ে সুন্দরবনের বেনিফিলির জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে। সোমবার সকালে নৌকো থেকে নেমে মাছ ধরার তোড়জোড় করছিলেন। আচমকাই একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। টের পেয়েই অন্য মৎস্যজীবীরা লাঠি হাতে রুখে দাঁড়ান। বাঘের মুখ থেকে সঙ্গীকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন তারা। অবশেষে শ্রীদামকে ফেলে রেখেই জঙ্গলে চম্পট দেয় বাঘটি। গ্রামের পথে তাঁকে নিয়ে রওনা হন সঙ্গীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই নৌকায় আনার সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাড়িতে বৃদ্ধ বাবা, মা ছাড়া রয়েছেন শ্রীদামের স্ত্রী ও তিন সন্তান। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যু হওয়ায় দিশেহারা হালদার পরিবার। জানা গেছে অনুমতি ছাড়াই তারা জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে। ফলে সরকারি সাহায্য মিলবে কিনা তাও বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। মাসখানেক আগে কুলতলিতে একই রকমভাবে বাঘের আক্রমণে নিহত হন এক মৎস্যজীবী।