দ্য ওয়াল ব্যুরো : আমি হোয়াটস অ্যাপে বন্ধুদের সঙ্গে যে কথা বলেছি, তা যেন প্রাইভেট টিভি চ্যানেলে না প্রকাশিত হয়। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এমনই আবেদন জানালেন টুলকিট মামলায় ধৃত পরিবেশকর্মী দিশা রবি। গত রবিবার বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এদিন তাঁকে দিল্লি হাইকোর্টে পেশ করা হয়। ২২ বছর বয়সী দিশা আর্জি জানান, তাঁর বিরুদ্ধে তদন্ত করে পুলিশ যে তথ্য পেয়েছে, তা যেন বেসরকারি টিভি চ্যানেলের কাছে ফাঁস না করা হয়।
একইসঙ্গে দিশা বলেন, হোয়াটস অ্যাপে তাঁর ব্যক্তিগত কথাবার্তা ফাঁস করে তিনটি চ্যানেল কেবল টিভি নেটওয়ার্ক বিধি ভঙ্গ করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তিনটি চ্যানেল হল নিউজ এইটটিন, ইন্ডিয়া টুডে এবং টাইমস নাউ। দিশার কথায়, "তদন্তে যা পাওয়া গিয়েছে, তা পুলিশের কাছে ফাঁস করে দেওয়া অত্যন্ত বেআইনি কাজ। এতে অভিযুক্তকে অপরাধী বলে তুলে ধরা হয়। তাতে বিচারব্যবস্থা প্রভাবিত হতে পারে। সুতরাং তদন্তে পাওয়া নথি মিডিয়ার কাছে ফাঁস করে দিল্লি পুলিশ সংবিধানের ২১ নম্বর ধারা লঙ্ঘন করেছে।"
ধৃত পরিবেশকর্মী বলেন, কে এস পুট্টাস্বামী বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল, কোনও ব্যক্তি ফোনে কী বলছেন, তা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা যায় না।
আরও একটি উদাহরণ দিয়ে দিশা বলেন, সুব্রহ্মণ্যম স্বামী বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, প্রত্যেকেরই সম্মান আছে। তা নাগরিকের মৌলিক অধিকার।
দিল্লি পুলিশ অভিযোগ করে, দিশা রবি, অ্যাডভোকেট নিকিতা জ্যাকব এবং মহারাষ্ট্রের ইঞ্জিনিয়ার শান্তনু মুলুক যৌথভাবে একটি টুলকিট তৈরি করেছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল ভারতের ভাবমূর্তি নষ্ট করা। তিনজনের সঙ্গে খলিস্তানিদের যোগ ছিল।
সোমবার সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশ জানায়, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলের আগের দিন জুম মিটিংয়ে কথাবার্তা হয়েছিল দিশা রবি, নিকিতা জ্যাকব, শান্তনু মুলুক সহ বাকি অভিযুক্তদের। কৃষক আন্দোলনের সমর্থনে ইন্টারনেটে প্রচার চালিয়েছিলেন ওই তিনজন। নিজেদের মধ্যে তাঁরা নিয়মিত যোগাযোগ রাখতেন বলেও দাবি পুলিশের।
কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা থুনবার্গের পোস্ট করা ‘টুলকিট’ নেট মাধ্যমে শেয়ার করেছিলেন ‘ফ্রাইডেজ ফর ফিউচার ইন্ডিয়া’-এর অন্যতম প্রতিষ্ঠাতা দিশা। বিশ্ব জুড়ে কৃষক আন্দোলনকে সমর্থন জানানো হয়েছিল ওই টুলকিটের মাধ্যমেই।