রাজ্যে ২৭ অক্টোবর এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে মৃত্যু, অসুস্থ হয়ে পড়া কিংবা আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠছে একের পর এক।
_0.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 20 November 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) নিজের নাম না-থাকার জেরেই কি এমন চরম সিদ্ধান্ত? এসআইআর (SIR) ঘোষণার পর থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন বেলঘরিয়ার (Belgharia) প্রফুল্লনগরের বাসিন্দা অশোক সর্দার। সেই আতঙ্কই তাঁকে ঠেলে দিল মৃত্যুর মুখে। বুধবার গভীর রাতে সিসিআর ব্রিজের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন ৬৩ বছরের এই রিকশাচালক। গুরুতর জখম অবস্থায় তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার জানাচ্ছে, বহু বছর ধরে ওই এলাকায় বসবাস তাঁদের। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় অশোকের নাম নেই। রয়েছে মায়ের নাম—সেখানেও বানান ভুল। যা নিয়ে মানসিক চাপে পড়ে যান অশোক। এসআইআর ঘোষণার পর থেকে সেই চাপ আরও বেড়ে যায়।
মেয়ের কথায়, “বাবা নথিপত্র জোগাড় করতে গিয়ে পুরোপুরি ভেঙে পড়েছিল। সারাদিন ভাবত, কী হবে এখন? নাগরিকত্ব কি কেড়ে নেবে?”
অশোকের স্ত্রীও জানান, “এসআইআর শুরু হওয়ার পর থেকেই ও অস্থির হয়ে ছিল। আমার শাশুড়ির তো কোনও কাগজপত্র নেই—এই ভাবনাই ওকে আরও ভয় পাইয়ে দিয়েছিল।”
ঘটনার পরে পরিবারের পক্ষ থেকে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তাঁরা জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত অনিশ্চয়তা ও ভুলভ্রান্ত নথির কারণে মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা করেন অশোক।
রাজ্যে ২৭ অক্টোবর এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে মৃত্যু, অসুস্থ হয়ে পড়া কিংবা আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠছে একের পর এক। রাজনৈতিক চাপানউতরও তুঙ্গে। বিজেপির অভিযোগ, তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে ভয় সৃষ্টি করছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপিই বিভ্রান্তি ছড়াচ্ছে। ইতিমধ্যেই অতিরিক্ত কাজের চাপে দুই বিএলও-র মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। তারই মধ্যে বেলঘরিয়ার ঘটনায় নতুন করে আতঙ্কের আবহ।