শেষ আপডেট: 20 February 2020 12:01
ইঞ্জিনিয়ারিং-এ ভাল ফল হয়নি এসএফআইয়ের। বরং তাদের তৃতীয় স্থানে ঠেলে দিয়ে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল এবিভিপি। ফলে নজর ছিল আর্টস ফ্যাকাল্টির দিকে। আর সেই ভোটে কার্যত বিরোধী প্যানেলকে গুঁড়িয়ে দিয়ে সংসদে ফের ফিরতে চলেছে ভারতের ছাত্র ফেডারেশন।
সাংগঠনিক ভাবে চাপে পড়েছিল এসএফআই। অভ্যন্তরীণ মনোমালিন্যর কারণে ৩১ জন নেতৃত্ব স্থানীয় ক্যাডাররা গণইস্তফা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। ফলে শক্ত চ্যালেঞ্জ ছিল ইউনিয়ন টিকিয়ে রাখার। এদিন এসএফআইয়ের নেতারা বলেন, ছাত্রছাত্রীরা দায়িত্ব দিয়েছেন। আমরা সেই দায়িত্ব মাথা পেতে নেব। এবিভিপি নেতাদের বক্তব্য, প্রথমবার প্রার্থী দিয়েছিলাম। যেটুকু সমর্থন এসেছে সেটাকে ভিত্তি করেই আগামী দিনে এগোব।
বৃহস্পতিবার সন্ধে পৌনে ছ'টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে এসএফআই। মনে করা হচ্ছে, ইউনিয়ন দখল করা সময়ের অপেক্ষা।