দ্য ওয়াল ব্যুরো : এক কাপ চায়ের দাম ৩৫ টাকা। ব্রেকফাস্টের দাম ১৪০ টাকা। লাঞ্চ আর ডিনারের দাম ২৪৫ টাকা। আগামী দিনে রাজধানী, শতাব্দী ও দুরন্তর মতো ট্রেনে এমনই হতে চলেছে খাবারের দাম। রেলওয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ফার্স্ট ক্লাস এসি ও এক্সিকিউটিভ ক্লাসে যাঁরা ভ্রমণ করবেন, তাঁদের কাছে এক কাপ চায়ের দাম ছ'টাকা, ব্রেকফাস্টে সাত টাকা ও লাঞ্চ, ডিনারে ১৫ টাকা করে বেশি নেওয়া হবে।
সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসি এবং চেয়ার কারেও খাবারের দাম বাড়ছে। ওই সব ক্লাসে যাত্রীরা এক কাপ চায়ের দাম দেবেন ২০ টাকা। আগে তার দাম ছিল ১৫ টাকা। ব্রেকফাস্টের দাম আট টাকা বাড়িয়ে করা হচ্ছে ১০৫ টাকা। লাঞ্চ ও ডিনারের দাম ১০ টাকা করে বাড়িয়ে হচ্ছে ১৮৫ টাকা। এবার থেকে দেশের বিভিন্ন এলাকার খাবারও মিলবে ট্রেনে। জিএসটি সহ তার দাম হবে ৫০ টাকা।
রেলওয়ে বোর্ডের অর্ডারে বলা হয়েছে, মেনুতে নতুন যা আইটেম যুক্ত করা হচ্ছে, তা উপযুক্ত পরিমাণে সরবরাহ করবে আইআরসিটিসি। খাবারের মানও বজায় রাখা হবে। লক্ষ রাখা হবে যাতে পরিষেবা প্রদানকারীরা অন্যায্য লাভ না করতে পারে।